আইসিইউ ভবন পড়ে আছে তিন বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) ভবনটি অব্যবহূত পড়ে আছে প্রায় তিন বছর। জনবল নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ না করায় কেন্দ্রটি চালু করা হয়নি। ফলে এখানে মুমূর্ষু রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি আইসিইউ ভবন করার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই সময় দেশের অপর সাতটি স্থানের হাসপাতালেও আইসিইউ ভবন করার উদ্যোগ নেওয়া হয়। সে অনুযায়ী ২০০৫ সালের ২৫ মে বরিশালের হাসপাতালটির জন্য পাঁচ কোটি ১০ লাখ ৫০ হাজার ৬১১ টাকা ব্যয়ে আইসিইউ ভবন নির্মাণের কাজ পায় মেসার্স নবারুণ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এ কাজ হয়। ২০০৮ সালের ২৯ জুন কাজ শেষ হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি ভবনটি হস্তান্তর করা হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউ ভবনটি ছয়তলা ফাউন্ডেশন (ভিত্তি) দিয়ে করা হয়েছে। এটি একটি দ্বিতল ভবন। এতে রোগী রাখার ১০টি বড় কক্ষসহ অস্ত্রোপচারের দুটি কক্ষ আছে। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ টেকনিশিয়ান, সেবিকা ও প্রশিক্ষণপ্রাপ্ত অন্য জনবল নিয়োগ না দেওয়ায় আইসিইউ চালু করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে বেশ কয়েকবার জনবল নিয়োগ দেওয়ার আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় আজও এ ব্যাপারে ব্যবস্থা নেয়নি।গণপূর্ত বিভাগ বরিশাল কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী সুভাষ চন্দ্র রায় বলেন, ‘১১ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’ হাসপাতালের অ্যানেসথেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান জানান, এটি চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হবে।হাসপাতালের পরিচালক মো. আবদুর রশীদ জানান, আগামী কয়েক বছরেও এখানে আইসিইউ কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা নেই। শুধু জনবল-সংকটের কারণে গুরুত্বপূর্ণ এ বিভাগ চালু করা সম্ভব হচ্ছে না। অনেকবার মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। বরিশাল থেকে মুমূর্ষু রোগীদের ঢাকা নেওয়ার পথেই মারা যায়।