আইসিইউ স্থাপনে বিধি করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রতি শয্যার জন্য ১০০ থেকে ১২৫ বর্গফুট জায়গা রাখতে হবে। একই সঙ্গে এর চারপাশে সমপরিমাণ বা তার বেশি খোলা পরিসর থাকবে। এ ছাড়া প্রতি তিন শয্যার জন্য একজন করে নার্স নিয়োগ দিতে হবে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা রোগনির্ণয় কেন্দ্র স্থাপন ও পরিচালনা খসড়া নীতিমালাতে এই বিধানের কথা উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখা এই খসড়া বিধিমালা তৈরি করেছে। গতকাল বুধবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে খসড়া বিধিমালা উপস্থাপন করা হয়। খসড়া বিধিমালা উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) অধ্যাপক মো. শামিউল ইসলাম।
খসড়া বিধিমালায় বলা হয়েছে, আইসিইউ, এনআইসিইউ (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র), সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট), ডায়ালাইসিস, মাদকাসক্তি ও মানসিক রোগ চিকিৎসা এবং ডেন্টাল চিকিৎসার জন্য পৃথক অনুমোদন ও লাইসেন্স নিতে হবে। ১০ শয্যার বিশেষায়িত সেবা চালু করার জন্য কমপক্ষে ৫০ শয্যার সাধারণ হাসপাতালের অনুমোদন থাকতে হবে।
আলোচনায় অংশ নিয়ে বিএমএর সাবেক সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক রশীদ-ই-মাহবুব বলেন, অনেক আইন আছে। কিন্তু এগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। আইনে দরিদ্রদের সেবার কথা বলা হয়। কিন্তু কে দরিদ্র, তার সংজ্ঞা নেই। প্রায় প্রতিটি পরীক্ষা-নিরীক্ষায় রি-এজেন্ট (রাসায়নিক) দরকার হয়। কিন্তু রি-এজেন্টের মান নিয়ন্ত্রণকারী কোনো সংস্থা বা প্রতিষ্ঠান নেই।
বিএমএর মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সলান বলেন, রক্তের শর্করা পরীক্ষায় ৪০ টাকার বেশি খরচ হয় না। কিন্তু রোগীর কাছ থেকে ২০০, ৩০০ বা ৩৫০ টাকা নেওয়া হয়। এ রকম বহু পরীক্ষায় রোগীকে নিজের পকেটের টাকা ঢালতে হয়। অনেক পরীক্ষার প্রয়োজনই নেই। কিন্তু এসব পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকেরা। কারণ, পরীক্ষার ৪০ শতাংশ অর্থ তাঁরা পান বলে শোনা যায়।
আইসিইউ স্থাপনের জন্য কী কী সরঞ্জাম থাকতে হবে, তার একটি তালিকা তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।