আইসিইউতে নিথর পড়ে আছেন ছাত্রলীগ নেতা মাসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবিরের হামলায় আহত মাসুদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিত্সাধীন। ছবিটি গতকাল তোলা । প্রথম আলো
শিবিরের হামলায় আহত মাসুদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিত্সাধীন। ছবিটি গতকাল তোলা । প্রথম আলো

‘কুপিয়ে মাসুদের ডান পা আলাদা করে দেয় শিবির ক্যাডাররা। তবে এ ঘটনা মাকে এখনো বলিনি। তিনি জানলে মরেই যাবেন।’
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বারান্দায় এভাবেই কথা বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক আবদুল্লাহ আল মাসুদের বড় ভাই আয়াতুল্লাহ বেহেস্তী। বেহেস্তী নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি।
গত ২৯ এপ্রিল সকাল সোয়া আটটায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল ও জিয়াউর রহমান হলের মাঝামাঝি স্থানে মাসুদকে কোপায় দুর্বৃত্তরা। ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদের সঙ্গে থাকা ফোকলোর বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক টগর মোহাম্মাদ সালেহকেও কোপানো হয়। মাসুদের ভাই বেহেস্তী এবং সালেহর বাবা জালালউদ্দিনের দাবি, ছাত্রশিবিরের কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত।
ঘটনার দিনই গুরুতর অবস্থায় ছাত্রলীগের দুই নেতাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু) হাসপাতালে আনা হয়। দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রোপচার করা হয়েছে। তাতে অবস্থা ভালো না হওয়ায় গত বৃহস্পতিবার গভীর রাতে সোহরাওয়ার্দী হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় মাসুদকে। সেখানে নিথর পড়ে আছেন তিনি। ডান পা গোড়ালির ওপর থেকে কাটা। বাঁ পায়ের পুরোটা, মাথা ও দুই হাতে ব্যান্ডেজ।
জানতে চাইলে পঙ্গু হাসপাতালের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, সালেহ কিছুটা সুস্থ। তবে মাসুদের অবস্থা ভালো নয়। ডান পা কাটা পড়েছে। বাঁ পায়ের অবস্থা ভালো নয়। ঘাড়ে এলোপাতাড়ি কোপানো হয়েছে। এতে প্রায় পাঁচ ইঞ্চির মতো গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।
মোহাম্মদ সালেহ পঙ্গু হাসপাতালের দ্বিতীয় তলায় সিডি ওয়ার্ডে ৩৯ নম্বর বেডে শয্যাশায়ী। সালেহর মাথা ও ডান পায়ে কোপানো হয়েছে। ঘটনার পর থেকে তাঁর প্রচণ্ড জ্বর ছিল। তবে গতকাল সকাল থেকে জ্বর আসেনি।
সালেহ প্রথম আলোকে বলেন, ‘হামলাকারীদের দেখলে আমি চিনতে পারব। রমজান নামের এক শিবির ক্যাডারের নেতৃত্বে আমাদের কোপানো হয়। সে দেখতে লম্বা-ফরসা, মুখে দাড়ি আছে। এই রমজানই গত বছর সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলামকে কুপিয়েছিল।’
এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।