আইসিএপিপির বিশেষ সম্মেলনে প্রধানমন্ত্রী আমন্ত্রিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) একটি প্রতিনিধিদল গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করে। প্রতিনিধিদল এ সময় প্রধানমন্ত্রীকে আইসিএপিপির আসন্ন স্পেশাল কনফারেন্স অন উইমেন লিডারশিপে যোগদানের জন্য আমন্ত্রণ জানায়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা জানান। খবর বাসসের।
আগামী ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলে ৫২ জাতির এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আঞ্চলিক সহযোগিতা উন্নয়নে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ওশেনিয়ার দেশগুলোর রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে ২০০০ সালে আইসিএপিপির যাত্রা শুরু হয়।
আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনাকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়নের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে নারীরা সশস্ত্র বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক সেবা খাতসহ সব ক্ষেত্রে যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ সংখ্যায় কাজ করছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাসে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অন্যতম বড় মাইলফলক হচ্ছে স্থানীয় পর্যায়ের নির্বাচনে নারীর জন্য সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন। তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম নারী কন্টিনজেন্ট পাঠিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে উল্ল্লেখযোগ্যসংখ্যক নারী প্রতিনিধিত্ব করছেন। স্পিকার, সংসদ নেতা, সংসদ উপনেতা ও বিরোধীদলীয় নেতার পদে আসীন রয়েছেন নারীরা।