আইসিএবি পুরস্কার পেল ২৪ কোম্পানি

সেরা বার্ষিক প্রতিবেদনের জন্য এ বছর ২৪টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি)। এ বছর আটটি শ্রেণিতে (ক্যাটাগরি) এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের নাম ‘১৫তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৪’।
গত বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি মসিহ্ মালিক চৌধুরী।
১৫ বছর ধরে বছর শেষের সেরা আর্থিক প্রতিবেদনের জন্য দেশের বিভিন্ন শ্রেণির প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে আসছে আইসিএবি। আর্থিক প্রতিবেদনের মান উন্নত করতে ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে এ আয়োজন করে আসছে হিসাববিদদের সংগঠনটি।
এ বছর বেসরকারি ব্যাংক শ্রেণিতে প্রথম হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। আর ব্যাংক এশিয়া দ্বিতীয় ও ইসলামী ব্যাংক তৃতীয় পুরস্কার পেয়েছে। এ ছাড়া ‘সার্টিফিকেট অব মেরিট’ পেয়েছে প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
আর্থিক সেবা খাতে প্রথম হয়েছে আইডিএলসি ফাইন্যান্স আর দ্বিতীয় লঙ্কাবাংলা ফাইন্যান্স। এ শ্রেণিতে তৃতীয় পুরস্কার কেউ পায়নি। তবে প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট অব মেরিট পেয়েছে।
উৎপাদন খাতে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড প্রথম, ওরিয়ন ফার্মা দ্বিতীয় ও সামিট পাওয়ার লিমিটেড তৃতীয় পুরস্কার পেয়েছে। এ খাতে সার্টিফিকেট অব মেরিট পুরস্কার পেয়েছে সিঙ্গার বাংলাদেশ, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ও বিএসআরএম স্টিলস লিমিটেড।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাত শ্রেণিতে প্রথম পুরস্কার পেয়েছে গ্রামীণফোন। এ শ্রেণিতে অন্য কেউ পুরস্কার পায়নি। বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও শ্রেণিতে প্রথম হয়েছে সাজেদা ফাউন্ডেশন, দ্বিতীয় ব্র্যাক আর তৃতীয় হয়েছে উদ্দীপন। কৃষি খাতে প্রথম পুরস্কার পেয়েছে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ খাতে অন্য কেউ পুরস্কার পায়নি। বিমা খাতে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রথম ও রিলায়েন্স ইনস্যুরেন্স দ্বিতীয় পুরস্কার পেয়েছে। এ খাতেও দ্বিতীয় বা সার্টিফিকেট অব মেরিট কেউ পায়নি।
করপোরেট সুশাসন খাতে এ বছর প্রথম পুরস্কার কেউ পায়নি। তবে দ্বিতীয় পুরস্কার পেয়েছে রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড এবং তৃতীয় পুরস্কার পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
বিজয়ী প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেওয়ার পর প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আইসিএবির এই উদ্যোগ কোম্পানিগুলোর মধ্যে স্বচ্ছতা, জবাবদিহি তথা সুশাসনের জন্য একটি মাইলফলক। অর্থমন্ত্রী বলেন, হিসাববিদদের ভূমিকা অব্যাহত থাকলে দেশ থেকে অনিয়ম অনেক কমে যাবে, আরও এগিয়ে যাবে দেশের অর্থনীতি।
অর্থমন্ত্রী আরও বলেন, ১৫ বছর ধরে অর্থনীতির কৃতিত্ব লক্ষ করার মতো। নিরবচ্ছিন্নভাবে ৬ শতাংশের ওপরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার থাকা কম কথা নয়।
জনগণের জন্য ক্ষতি হয়—এমন ব্যবসা থেকে বিরত থাকার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বর্তমানে ব্যবসা-বাণিজ্য করতে গেলে এমনকি পরিবেশ আইন মেনে চলতে হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন পুরস্কারের জন্য গঠিত কমিটির সভাপতি আব্বাস উদ্দিন খান।