আইসিএবিতে বিষয় ছাড় পাবেন ঢাবির অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থীরা
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা ‘বিষয় ছাড়’ পাবেন।
এ উপলক্ষে আইসিএবি ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই স্মারক সই হয়। দুটি প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেন আইসিএবির প্রেসিডেন্ট আদিব হোসেন খান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন।
স্মারকের চুক্তি অনুযায়ী অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা সিএ নলেজ লেভেল পরীক্ষায় অ্যাকাউন্টিং, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, ইনফরমেশন ম্যানেজমেন্ট, বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল বিষয়গুলোতে শর্ত সাপেক্ষে ছাড় পাবেন। অর্থাৎ এ বিষয়গুলো তাঁদের নতুন করে পড়তে হবে না। এ ছাড়া প্রতিষ্ঠান দুটি চুক্তির আওতায় অ্যাকাউন্টিং, ফিন্যান্স ও বিজনেস বিষয়ে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে।