আইসিএলের এমডি জামিনে মুক্ত
আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (্আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এন এম শফিকুর রহমান গতকাল রোববার বাদীর জিম্মায় জামিন পেয়েছেন। তিনি বিকেল সাড়ে পাঁচটার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ নাসির উদ্দিন রাতে প্রথম আলোকে শফিকুরের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সদর দক্ষিণ মডেল থানা ও চৌদ্দগ্রাম থানায় করা দুটি মামলার বাদীরা আসামির সঙ্গে আপস করায় মূলত আদালত শফিকুরকে জামিন দেন। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে আইসিএলের এমডি শফিকুরের আইনজীবীরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম সৈয়দ কায়সার মো. ইউসুফের আদালতে মক্কেলের পক্ষে জামিনের আবেদন করেন। আইনজীবীদের সঙ্গে মামলার বাদী চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা তরিকুল ইসলাম মজুমদারও উপস্থিত ছিলেন। একপর্যায়ে বাদী আসামি শফিকুরকে জামিন দিতে কোনো আপত্তি নেই বলে আদালতকে জানান। তখন আদালত বাদীর জিম্মায় তাঁকে জামিন দেন। তরিকুল ইসলাম গত ২৫ জুন চৌদ্দগ্রাম থানায় শফিকুরের বিরুদ্ধে মামলা করেন। দুপুর ১২টা ৩০ মিনিটে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অম্লান কুসুম জিষ্ণুর আদালতে আরেক মামলায় জামিন চাওয়া হয়। ওই মামলার বাদী বশির আহমেদ আদালতকে বলেন, ‘আমি জামিনে আপত্তি করছি না, টাকা বুঝিয়া পেয়েছি।’ পরে বাদীর জিম্মায় আসামিকে জামিন দেওয়া হয়। অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সদর দক্ষিণ উপজেলার উত্তর গোপালনগর গ্রামের বশির মিয়া ২০ আগস্ট শফিকুরের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। জানতে চাইলে আইসিএলের এমডির আইনজীবী সৈয়দ আবদুল্লাহ বলেন, উভয় মামলায় আসামিকে জামিন দিতে বাদীর আপত্তি না থাকায় আদালত জামিন মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকা থেকে শফিকুরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইসিএল ২০০১ সালের ১৩ মার্চ প্রতিষ্ঠিত হয়। কুমিল্লায় আইসিএলের পাঁচটি শাখা রয়েছে। এসব শাখায় প্রায় ছয় হাজার গ্রাহক রয়েছেন। এসব গ্রাহক এক লাখ টাকায় প্রতি মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা করে মুনাফা পেতেন। ২০১২ সালের ডিসেম্বর মাস থেকে গ্রাহকেরা মুনাফা পাচ্ছিলেন না। হঠাৎ করেই আইসিএল সব শাখার কার্যক্রম বন্ধ করে দেয়। কুমিল্লা জেলার ছয় হাজার আমানতকারী বর্তমানে আইসিএলের কাছে ১৭২ কোটি টাকা পাবেন বলে জেলা সমবায় কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে নিশ্চিত করেছেন।