আইসিএলের এমডি শফিক গ্রেপ্তার
আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি (আইসিএল) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এন এম শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে উপজেলার রেজিস্ট্রি অফিস থেকে আটক করা হয়।পুলিশ রাত সাড়ে নয়টার দিকে শফিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। এরপর রাত পৌনে ১১টায় তাঁকে নিরাপত্তাজনিত কারণে কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়। সদর দক্ষিণ মডেল থানার তদন্ত পরিদর্শক আবদুল হান্নান বলেন, গত মঙ্গলবার সদর দক্ষিণ উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আহমেঞ্চদ আলীর ছেলে বশির আহমেদ বাদী হয়ে ৮৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আইসিএলের এমডি এইচ এন এম শফিকুর রহমানকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। গতকাল শফিকুর রহমান উপজেলার রেজিস্ট্রি অফিসে এলে বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ তাঁকে আটক করে। পরে দিনভর অনেক নাটকীয়তা শেষে রাত সাড়ে নয়টার দিকে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঁঞা বলেন, বশির আহমেদের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শফিকের বিরুদ্ধে কয়েক হাজার গ্রাহকের বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। চৌদ্দগ্রামে তিনি জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়নপ্রত্যাশী।