আইসিএলের এমডি শফিকুর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক এইচ এন এম শফিকুর রহমানকে গতকাল শুক্রবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বিকেল চারটায় কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সফিকুল ইসলামের আদালতে তাঁকে হাজির করা হয়। বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গত বৃহস্পতিবার রাত নয়টায় শফিকুরকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে রাত ১১টায় তাঁকে কোতোয়ালি মডেল থানায় আনা হয়। গতকাল বিকেল চারটায় তাঁকে মাইক্রোবাসে করে আদালতে নেওয়া হয়। ওই সময় আদালত প্রাঙ্গণে আমানতকারীরা তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করেন। শফিকুরের অনুসারীরা আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের ছবি তুলতে বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আমানতকারীদের অভিযোগ, প্রায় ২০ হাজার গ্রাহকের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন আইসিএলের ব্যবস্থাপনা পরিচালক এইচ এন এম শফিকুর রহমান।
গ্রাহকদের ২৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ২০ মার্চ আইসিএলের বিরুদ্ধে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ জানান, আইসিএলের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানা ও চৌদ্দগ্রাম থানায় টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দুটি মামলা হয়েছে।