আইসিএলের এমডি শফিকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
অর্থ আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এন এম শফিকুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অম্লান কুসুম জিষ্ণু গতকাল মঙ্গলবার এই পরোয়ানা জারি করেন।
গতকাল সকালে ওই আদালতে দুটি মামলা করা হয়। মামলায় আইসিএলের ব্যবস্থাপক খোরশেদ আলম ও অর্থ আদায়কারী কর্মকর্তা কবির আলমকে আসামি করা হয়। আদালত তাঁদের দুজনের বিরুদ্ধে সমন জারি করেন। এর আগে অন্য দুই মামলায় শফিকুরকে গত ২২ আগস্ট গ্রেপ্তার করা হয়। পরে তিনি ২৫ আগস্ট আপস করে বাদীর জিম্মায় জামিন পান।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইসিএলের কান্দিরপাড় শাখায় ২০১২ সালের ১০ অক্টোবর আদর্শ সদর উপজেলার শালুকমুড়া গ্রামের প্রবাসী আলী হোসেনের স্ত্রী সুফিয়া আক্তার ১০ লাখ টাকা আমানত রাখেন। গত ১৫ জুন লভ্যাংশসহ ওই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু আইসিএল কর্তৃপক্ষ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে। এর পরিপ্রেক্ষিতে সুফিয়া গতকাল শফিকুর, খোরশেদ ও কবির আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। আদালত শফিকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্য দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেন।
এদিকে ২০১২ সালের ১২ আগস্ট কুমিল্লা নগরের রাজবাড়ী কম্পাউন্ড এলাকার প্রয়াত আওলাদ হোসেন মজুমদারের ছেলে গোলাম কিবরিয়া মজুমদার সাত লাখ ৩০ হাজার টাকা আইসিএলের কান্দিরপাড় শাখায় আমানত রাখেন। গত ১৮ মে লভ্যাংশসহ ওই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে টাকা না দেওয়ায় গোলাম কিবরিয়া গতকাল শফিকুর, খোরশেদ ও কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন। একই আদালত এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্যদের বিরুদ্ধে সমন জারি করেন।
এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করে শফিকুরের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে কুমিল্লা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মুজিবুর রহমান জানান, উভয় মামলায় আদালত শফিকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী তারিখ আগামী ১১ ডিসেম্বর।