আইসিএলের এমডিকে আবারও দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে আইডিয়াল কো-অপারেটিভ লিমিটেড—আইসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এন এম শফিকুর রহমানকে আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের উপপরিচালক হামিদুল হাসান তাকে তলবি নোটিশ দেন। ২০ নভেম্বর সকাল সাড়ে নয়টায় তাঁকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদক সুত্র জানায়, আইসিএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান (সমবায় সমিতি) ১২ বছর ধরে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে। ২০০১ থেকে ২০১২ অর্থবছর পর্যন্ত প্রতিষ্ঠানটির নিরীক্ষা প্রতিবেদনে গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল আলম, এমডি শফিকুর রহমান এবং ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মোঃ শহিদুল্লাহসহ নয়জন পরিচালককে দায়ী করা হয়। শফিকুর রহমানের নেতৃত্বে এ চক্র বেশি মুনাফার লোভ দেখিয়ে ৭০ হাজার গ্রাহকের আমানত আত্মসাৎ​ করে বলে অভিযোগ আসে।
২০১৩ সাল থেকে দুদক এ বিষয়ের ওপর অনুসন্ধান করছে। উপপরিচালক নাসির উদ্দিন শুরু থেকে বিষয়টি নিয়ে অনুসন্ধান করছিলেন। এ বছরের মার্চে শফিকুর রহমানকে একবার দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু দেড় বছরেও অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে না পারায় সম্প্রতি নাসির উদ্দিনের পরিবর্তে দায়িত্ব দেয়া হয় উপপরিচালক হামিদুল হাসানকে।
রেকর্ডপত্র বুঝে পাওয়ার পর আজ শফিকুর রহমানকে তলবি নোটিশ দেন হামিদুল হাসান। নতুন করে অনুসন্ধানের অংশ হিসেবে শফিকুর রহমান, আইসিএলের পরিচালক ও তাঁর স্ত্রী কাজী শামসুন্নাহার দিনা, শফিকুরের পুত্র-কন্যার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের রেকর্ড চাওয়া হবে বলে জানা গেছে।