আইসিএলের এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক জালিয়াতির মামলায় আইডিয়াল কো-অপারেটিভ লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এন এম শফিকুর রহমান ও নির্বাহী পরিচালক মো. আবুল হাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত বুধবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অম্লান কুসুম জিষ্ণু এ পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৯ জুন কুমিল্লার আদর্শ সদর উপজেলার বারপাড়া গ্রামের চান মিয়ার ছেলে মো. সিদ্দিকুর রহমান চেকের মাধ্যমে আইসিএলের কান্দিরপাড় শাখায় এক কোটি ৮০ লাখ টাকা আমানত রাখেন। গত ২১ মার্চ তিনি আমানতের টাকা ফেরত চাইলে আইসিএলের এমডি ও নির্বাহী পরিচালক ওই টাকার অনুকূলে সাউথইস্ট ব্যাংক কুমিল্লা শাখার একটি চেক দেন। বাদী (সিদ্দিকুর) ব্যাংকে গিয়ে দেখেন, ওই হিসাবে কোনো টাকা নেই।
গত ৩০ জুন সিদ্দিকুর রহমান ৩০ দিনের সময় নিয়ে আইসিএলের ওই দুই কর্মকর্তাকে টাকা পরিশোধের জন্য আইনি বিজ্ঞপ্তি দেন। এতেও কোনো সাড়া দেননি তাঁরা। এই পরিস্থিতিতে গত ১ আগস্ট কুমিল্লার আদালতে শফিকুর রহমান ও আবুল হাসেমের বিরুদ্ধে মামলা করেন সিদ্দিকুর রহমান। ওই দিন কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম তাঁদের বিরুদ্ধে সমন জারি করেন। বুধবার আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
সিদ্দিকুর রহমান বলেন, ‘জমি বিক্রি ও জমানো টাকা একত্র করে বেশি মুনাফার আশায় আইসিএলে রেখেছিলাম। এখন ওই টাকা না পেয়ে পথে পথে ঘুরছি।’
কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান বলেন, চেক জালিয়াতির ঘটনায় ওই মামলা হয়েছে। মামলায় আসামিরা হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
দুটি মামলায় শফিকুর রহমানকে গত ২২ আগস্ট গ্রেপ্তার করা হয়। তিনি ২৫ আগস্ট আপস করে বাদীর জিম্মায় জামিন পান।