আইসিএলের ছয় হাজার আমানতকারী বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ছয় হাজার আমানতকারী সাত মাস ধরে মুনাফা পাচ্ছেন না। বেশির ভাগ গ্রাহক আমানত ফেরত চেয়েও পাচ্ছেন না। এদিকে আইসিএল কর্তৃপক্ষ বিভিন্ন শাখার কার্যক্রম গুটিয়ে নিয়েছে। এতে বিপাকে পড়েছেন গ্রাহকেরা।এ পরিস্থিতিতে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার নয় সদস্যের একটি ‘অন্তর্ভুক্তি কমিটি’ গঠন করেছে। কুমিল্লা জেলা সমবায় কর্মকর্তা ও উপনিবন্ধক মো. মাহবুবুর রহমান ভূঁইয়া ওই কমিটির সভাপতি। কমিটি গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য এ পর্যন্ত চার দফা বৈঠকে বসেছে।মো. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, কুমিল্লার পাঁচটি শাখায় আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) আমানতকারীর সংখ্যা ছয় হাজার। তাঁরা সোসাইটিতে ১৭২ কোটি টাকা আমানত রেখেছেন।জেলা সমবায় কর্মকর্তার কার্যালয় জানায়, কুমিল্লায় আইসিএলের পাঁচটি শাখা রয়েছে। এগুলো হচ্ছে কুমিল্লা নগরের কান্দিরপাড়, সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার, চৌদ্দগ্রাম, চৌদ্দগ্রাম উপজেলার ধনিশকরা ও দাউদকান্দির গৌরীপুরে। এসব শাখায় প্রায় ছয় হাজার গ্রাহক রয়েছেন। তাঁরা এক লাখ টাকায় প্রতি মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা মুনাফা পেতেন। ২০১২ সালের ডিসেম্বর মাস থেকে গ্রাহকেরা মুনাফা না পেয়ে আইসিএলের কার্যালয় ও কর্মকর্তাদের কাছে ধরনা দিচ্ছেন। ইতিমধ্যে অনেক আমানতকারী তাঁদের মূলধন ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করেছেন।এ পরিস্থিতিতে চট্টগ্রাম বিভাগীয় উপনিবন্ধকের কার্যালয় গত ১২ মে সমবায় আইন, ২০০১ সংশোধিত ২০০২ ও ২০১৩-এর ১৮ (৫) ধারা মোতাবেক নয় সদস্যের ‘অন্তর্ভুক্তি কমিটি’ গঠন করে। তাদের নতুন করে সমিতি চালু করার জন্য বলা হয়।গ্রাহক ফজলুল হক বলেন, ‘আমানতের টাকা না পেয়ে আমি এখন পথে পথে ঘুরছি। এখন আসল টাকাই পাওয়া যাচ্ছে না।’আইসিএলের জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার শরিফ মো. সাজেদুল হক বলেন, ‘আইসিএলের শাখা ঢাকায় ২৯টি এবং কুমিল্লায় পাঁচটি। গত ডিসেম্বর মাস থেকে মুনাফা না পেয়ে গ্রাহকেরা ভিড় করছেন। কেউ কেউ টাকা ফেরত নেওয়ার জন্য আবেদন করেছেন। কিন্তু আমরা গ্রাহকদের টাকা দিতে পারিনি।’অন্তর্ভুক্তি কমিটির সভাপতি ও কুমিল্লা জেলা সমবায় কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, পদুয়ার বাজার, চৌদ্দগ্রাম ও কুমিল্লা নগরের কান্দিরপাড় কার্যালয় খোলা হয়েছে। তবে আমানতকারীদের টাকা ও সুদ দেওয়া হচ্ছে না। গৌরীপুর কার্যালয় খোলা হবে না। সেখানে আমানতকারীর সংখ্যা ২৩-২৪ জন। শাখাটি না চলার কারণে বন্ধ রয়েছে। আর ধনিশকরা শাখার অনুমোদন নেই, যে কারণে ওই শাখা নিয়ে অন্তর্ভুক্তি কমিটি মাথা ঘামাচ্ছে না। তিনি জানান, গত ৬ জুন পদুয়ার বাজারের গোপীনাথপুরে আইসিএলের প্রধান কার্যালয়ে অন্তর্ভুক্তি কমিটির এক সভা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এইচ এন এম শফিকুর রহমান। ওই সভায় তিনি সমিতি চালু রাখার ঘোষণা দেন। একই সঙ্গে পর্যায়ক্রমে গ্রাহকের মূলধন ও মুনাফা ফেরত দেওয়ার আশ্বাস দেন।আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আইসিএল) ২০০১ সালের ১৩ মার্চ প্রতিষ্ঠিত হয়।