আইসিজের রায় রোহিঙ্গাদের আদি নিবাসে ফিরতে উৎসাহ জোগাবে: পররাষ্ট্রসচিব

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ‘রাখাইনের রোহিঙ্গাদের সুরক্ষায় আইসিজে বৃহস্পতিবার যে রায় দিয়েছেন তা গণহত্যার শিকারে পরিণত হওয়া সবার জন্য বিজয়। আমরা বিশ্বাস করি, গাম্বিয়ার অনুরোধে আদালত অন্তর্বর্তী ব্যবস্থার যে নির্দেশ দিয়েছেন তা রোহিঙ্গাদের রাখাইনের আদি নিবাসে ফিরে যাওয়ার ব্যাপারে আস্থা সৃষ্টি করবে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা গণহত্যার মামলা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিয়ে এক প্যানেল আলোচনায় মাসুদ বিন মোমেন এ মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস) আয়োজিত এই আলোচনায় পররাষ্ট্রসচিব প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। আলোচনায় সঞ্চালনা করেন, সিজিএসের পরিচালক ইমতিয়াজ আহমেদ।
আইসিজের রায়কে স্বাগত জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের বিশ্বাস আইসিজের রায়, বাংলাদেশের শিবিরগুলোতে বসবাস করা রোহিঙ্গাদের মিয়ানমারে নিজেদের মাতৃভূমিতে ফিরে যেতে আস্থা জোগাবে। আইসিজের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরি করবে এবং রাখাইনে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করে স্বেচ্ছা, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সঙ্গে আলোচনার প্রক্রিয়ায় বাংলাদেশ যুক্ত থাকবে।’
পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি এটা উত্তর রাখাইনের সকল রোহিঙ্গার নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা আইসিজের নির্দেশনা পুরোপুরি পালন এবং এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানাই। রোহিঙ্গাদের সুরক্ষায় আইসিজেতে অন্তর্বর্তী ব্যবস্থার আবেদন জানিয়ে ভূমিকা রাখার জন্য আমরা গাম্বিয়ার প্রশংসা করি। রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা কমিটির চেয়ার হিসেবে গাম্বিয়া মামলা দায়ের করেছে। আর ওই কমিটির কো-চেয়ার হিসেবে বাংলাদেশ ভবিষ্যতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সুরক্ষায় গাম্বিয়ার পদক্ষেপে অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে যাবে।’
মাসুদ বিন মোমেন বলেন, আইসিজের রায়ের ফলে বিশ্ব সম্প্রদায় মিয়ানমারকে চাপ দিতে আরও যত্নবান হবে। মিয়ানমারের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত দেশগুলোও জাতিসংঘের সদস্য হওয়ায় আইসিজের রায় মেনে চলতে বাধ্য। সেদিক থেকে তারা আরও যত্নবান হবে যে কীভাবে মিয়ানমারকে তারা প্রভাবিত করবে । এ রায়টি নিরাপত্তা পরিষদেও যাবে। সুতরাং নিরাপত্তা পরিষদেরও দায় দায়িত্ব থাকবে। রায়ে (মিয়ানমারকে) প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। এগুলো পর্যবেক্ষণ করার জন্য পুরো আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়বদ্ধতা থাকবে।
সাবেক পররাষ্ট্রসচিব ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনিয়র ফেলো মো. শহীদুল হক বলেন, আইসিজের রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে মিয়ানমারের একটি জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই একদিকে যেমন রোহিঙ্গাদের বিজয়। অন্যদিকে, এটিকে সামগ্রিকভাবে মানবতার বিজয় হিসেবে বিবেচনা করা উচিত। কারণ রোহিঙ্গাদের কীভাবে স্বীকৃতি দেওয়া হবে তা নিয়ে কখনো কখনো জাতিসংঘও দ্বিধায় থেকেছে। অথচ বৃহস্পতিবারের রায়ে আইসিজে রোহিঙ্গাদের স্বতন্ত্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অভিহিত করেছে।
ওই রায়কে রোহিঙ্গাদের জন্য এক বিপুল বিজয় হিসেবে অভিহিত করে শহীদুল হক বলেন, আইসিজের নির্দেশনায় অন্তত তিনটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যেমন আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করতে বলেছে। রায়ে মিয়ানমারের সামরিক ও বেসামরিক সরকারকে আলাদা করে দেখা হয়নি। মিয়ানমারের সামরিক ও বেসামরিক সরকার যে অভিন্ন সেটা বাংলাদেশ দীর্ঘদিন ধরে বলে এসেছে।
প্যানেল আলোচনায় আরও বক্তৃতা করেন ঢাকায় কানাডা হাইকমিশনের উন্নয়ন সহায়তা বিভাগের প্রধান পেদ্রা মুন মরিস, রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল সারওয়ার হোসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ অনু বিভাগ) নাহিদা সোবহান।