আইসিটি আইনে ভুক্তভোগীকেই মামলা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী ভুক্তভোগীকেই মামলা করতে হবে। কিন্তু তা না করে তৃতীয় কোনো পক্ষ মামলা করছে, যা আইনের পরিপন্থী বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
সম্প্রতি সাংবাদিক প্রবীর সিকদারের দেওয়া ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সম্মানহানি হয়েছে বলে মামলা করেছেন ফরিদপুরের একজন সরকারি আইনজীবী। কিন্তু আইন বিশেষজ্ঞরা বলছেন, আইন অনুযায়ী এই মামলা করার ক্ষমতা রাখেন কেবল মন্ত্রী নিজে। তাঁর পক্ষে কেউ এই মামলা করতে পারেন না।
আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলার ভয়াবহ দিকটি হলো এই আইনের অপব্যবহার। ক্ষমতাবানেরা আইনের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করছেন। তাঁরা বলেন, গণজাগরণ মঞ্চের চারজন কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তাঁদের রাতের আঁধারে ধরে নিয়ে যাওয়া হয়। সাংবাদিক প্রবীর সিকদারকেও রাতের বেলায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। অথচ এঁরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর নন বা পালিয়ে থাকার মতো মানুষ নন।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, আইসিটি আইনে এক ব্যক্তির পক্ষে অন্য ব্যক্তির মামলা করার ঘটনা দেখা যাচ্ছে। কিন্তু এটা মোটেও গ্রহণযোগ্য নয়। এর পেছনে আইনজীবীদের অদক্ষতাও দায়ী। তাঁরা আসামির পক্ষে শক্তভাবে দাঁড়াতে পারছেন না। অন্য কোনো ব্যক্তি যে মামলা করতে পারেন না, সেটা আদালতে বলা দরকার। তিনি বলেন, মৃত ব্যক্তি, অপ্রাপ্তবয়স্ক ও মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির পক্ষে কেবল অন্য কেউ মামলা করতে পারেন।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, মন্ত্রীর সুনাম ক্ষুণ্ন হলে বা তিনি হুমকির সম্মুখীন হলে তাঁকেই মামলা করতে হবে। তৃতীয় একজন ব্যক্তির মামলা করা গ্রহণযোগ্য নয়। তা ছাড়া প্রবীর সিকদারের বিরুদ্ধে ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। কিন্তু তাঁর ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে এই ধারায় মামলা হয় কি না, তা-ও খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, এই আইনে করা মামলাগুলোর বেশির ভাগই সঠিক নিয়ম মেনে হচ্ছে না।
আইনজীবী সারা হোসেন বলেন, এই আইনে ৬০টির মতো মামলা হয়েছে বলে কয়েক মাস আগে তিনি শুনেছেন। সঠিক সংখ্যাটি খুব বেশি হওয়ার কথা নয়। ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে একজনের লেখার কারণে যদি কোনো ব্যক্তির সুনাম ক্ষুণ্ন হয় বা নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে ভুক্তভোগীকেই মামলা করতে হবে।
আইসিটি আইনে এখন পর্যন্ত একটি মামলার রায় হয়েছে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে তিন বছরের সাজা দেওয়া হয়েছে। ফেসবুকে প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া এই আইনে একটি মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কারাগারে আটক আছেন।