প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশ আইসিটি খাতে উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাচ্ছে, এ জন্যই হ্যাকারদের অন্যতম টার্গেট এখন বাংলাদেশ। গত মঙ্গলবার জার্মানির হ্যানোভারে আয়োজিত সিবিট মেলায় সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন।
সিবিট মেলায় প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে বক্তৃতা দেন সজীব ওয়াজেদ। তিনি বলেন, ইতিমধ্যে বাংলাদেশ সরকার মেট্রোরেল, গভীর সমুদ্রবন্দর, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ডিজিটাল আইল্যান্ড, ফোরজির সব প্রস্তুতি সম্পন্ন করে প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আইসিটি খাত এগিয়ে যাচ্ছে। এ জন্যই হ্যাকারদের অন্যতম টার্গেট এখন বাংলাদেশ। এর কারণ ডিজিটাইজেশন। আর সরকার এই বিষয়গুলোকে মাথায় রেখেই ডিজিটাল বাংলাদেশ নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।’
‘বাংলাদেশ: দ্য নেক্সট আইসিটি ডেস্টিনেশন’ শিরোনামে বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য দেন সজীব ওয়াজেদ। তিনি তাঁর উপস্থাপনায় দেশের তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ খাত ও অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করার জন্য ইউরোপীয় বিনিয়োগকারীদের আহ্বান জানান। এর আগে সজীব ওয়াজেদ মেলায় ফিতা কেটে বাংলাদেশি প্যাভিলিয়নের উদ্বোধন করেন।