আইসিটি ভিলেজ হবে কক্সবাজারে: প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার কক্সবাজারে ‘আইসিটি ভিলেজ’ গড়ে তুলবে। এ জন্য রামুতে ১০ একর জমিও নেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটন নগরী কক্সবাজারে ‘সফটওয়ার ট্রেনিং পার্ক’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের ৬৪ জেলায় একটি করে ‘ভাষা প্রশিক্ষণ ল্যাব’ করা হলেও কক্সবাজারে হবে দুটি।
গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজার শহরের সৈকত বালিকা উচ্চবিদ্যালয়ে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নের জন্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করছে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে। এ লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলসহ দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। এর মধ্যে কক্সবাজারের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।
সৈকত বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ১৩ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের মাধ্যমিক পর্যায়ের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করনে।