আইসিটি মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলার একটি স্টলে ল্যাপটপ দেখছেন দর্শকেরা
মেলার একটি স্টলে ল্যাপটপ দেখছেন দর্শকেরা

কম্পিউটার পণ্য, সফটওয়্যার আর তথ্যপ্রযুক্তির উদ্ভাবন নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬’ নামের মেলা। তিন দিনের এ মেলার আয়োজক সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
বিকেলে মেলার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তি মানুষের জীবনকে পরিপূর্ণ করছে। তাই এই খাতের অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার। গত দুই বছরে তথ্যপ্রযুক্তির ১০টি প্রকল্পে ৮ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় করেছে সরকার। দেশের তথ্যপ্রযুক্তি পণ্য আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে বেসরকারি প্রতিষ্ঠানকে এ খাতে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘গত এক বছরে দেশে ছয় লাখ কম্পিউটার আমদানি হয়েছে। আমরা চাই ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি পণ্যের উৎপাদন দেশে হবে, বিদেশে রপ্তানি হবে।’ বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ বলেন, ভোক্তা থেকে উদ্ভাবক সবার জন্যই এ মেলা।
‘মিট ডিজিটাল বাংলাদেশ’ স্লোগানে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন বিকেলে হলেও সকাল থেকেই মেলা দর্শকদের জন্য খোলা ছিল। ৫৯টি প্যাভিলিয়ন ও ৭০টি স্টলে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা দেখানো হচ্ছে মেলায়। হার্ডওয়্যার প্রদর্শনীতে কম্পিউটারের সাম্প্রতিকতম প্রযুক্তি দেখতে পারছেন দর্শকেরা। মেলার প্রাঙ্গণে দেওয়া হচ্ছে বিনা মূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহারের সুবিধা। এ ছাড়াও কম্পিউটার গেম খেলার ব্যবস্থা আছে মেলায়।
তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে উদ্ভাবনে উৎসাহিত করতে মেলায় আছে ‘ইনোভেশন জোন’। এখানে বাছাই করা ৫০টি প্রকল্প দেখানো হচ্ছে।
মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। কাল ৫ মার্চ শেষ হবে এই মেলা।