আইসিটিনির্ভর প্রতিষ্ঠান হবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে (বাউবি) তথ্যপ্রযুক্তির জ্ঞান ব্যবহার করে একটি আইসিটিনির্ভর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে। বাউবির উপাচার্য আর আই এম আমিনুর রশীদ গতকাল মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে সাংবাদিক ও গণমাধ্যমের কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।উপাচার্য সাংবাদিকদের জানান, কোরিয়ার সাহায্য সংস্থা কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোয়েকা) সহযোগিতায় দূরশিক্ষণে আধুনিক তথ্যপ্রযুক্তির ই-লার্নিং চালু করা হচ্ছে। কোয়েকা সাহায্যপুষ্ট আইসিটি প্রকল্পের সহায়তায় বাউবির প্রোগ্রামগুলোতে আইসিটি ব্যবহারের সুযোগ-সুবিধা প্রদান এবং ই-লার্নিং বিষয়ে শিক্ষক ও কর্মকর্তাদের দক্ষতা সৃষ্টির লক্ষ্যে মাস্টার ট্রেইনার প্রশিক্ষক তৈরি করা এবং শিক্ষার্থীদের ই-লার্নিংয়ের আওতায় আনা হবে। উপাচার্য আরও জানান, কোয়েকা ইন্টারঅ্যাক্টিভ ভার্চুয়াল ক্লাসরুম (আইভিসিআর) ও লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) বাস্তবায়নে ২১ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেবে। বাউবি এ প্রকল্পটি বাস্তবায়নে নিজস্ব উৎস থেকে ছয় কোটি ১৯ লাখ টাকা অর্থায়ন করবে।এ প্রকল্পে আপাতত গাজীপুর মূল ক্যাম্পাস, ঢাকা ও ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রে তিনটি আইসিটি ল্যাব স্থাপনের মাধ্যমে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থায় ই-লার্নিং কার্যক্রম গড়ে তোলা হবে। এর মাধ্যমে অর্জিত প্রযুক্তিজ্ঞান ব্যবহার করে বাউবিকে একটি আইসিটিনির্ভর বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোরিয়ার চিউনচিন ন্যাশনাল ইউনির্ভাসিটির অধ্যাপক সুচ সুনসিক, টাই হিউন হাই, হং জন পার্ক ও ইয়ংসিক কিম।