আইসিটির সংশোধিত আইনও আন্তর্জাতিক মানসম্পন্ন নয়
আন্তর্জাতিক মান-বাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার কার্যপ্রণালিতে যে সংশোধনী আনা হয়েছে, তা আন্তর্জাতিক মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। সংশোধনীতে কিছু ইতিবাচক পরিবর্তন আনা হলেও গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে এ কার্যপ্রণালি আন্তর্জাতিক মানের পর্যায়ে পৌঁছাতে পারেনি। এদিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহীনুর ইসলাম এই সংশোধনীকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দাবি করলেও এ আইনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ হয়নি বলে স্বীকার করেন। এইচআরডব্লিউ এ-সংক্রান্ত সংশোধিত আইনে আরও কিছু পরিবর্তন আনার প্রস্তাব করেছে। সংস্থাটির এশিয়াবিষয়ক পরিচালক ব্যাড অ্যামস বলেছেন, ‘আমরা চাই, ১৯৭১ সালে সংঘটিত ভয়ানক অপরাধে জড়িত থাকা ব্যক্তিদের এ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।’ তিনি বলেন, ‘সংশোধনীর মাধ্যমে আইনটির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে স্বচ্ছ বিচার নিশ্চিত করতে এখনো প্রধান কিছু সমস্যার সমাধান জরুরি।’বিদ্যমান সংশোধিত আইনে প্রকাশ্য শুনানিতে অভিযুক্তের নিজের পছন্দমতো আইনজীবী নিয়োগ করে নিজেকে নির্দোষ দাবি করার এবং মামলা চলাকালে জামিন পাওয়ার অধিকার রয়েছে। একই অপরাধের দায়ে কোনো অভিযুক্তকে দুবার দোষী সাব্যস্ত করা যাবে না। সংশোধনীতে বাদী ও সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করাসংক্রান্ত আইনও রাখা হয়েছে। এইচআরডব্লিউ এসব পরিবর্তনকে স্বাগত জানিয়ে বলেছে, এসব পরিবর্তন অবশ্যই ইতিবাচক দিক। তবে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে বিধি, আইন ও সংবিধানে আরও কিছু পরিবর্তন আনা প্রয়োজন। সংস্থাটি যেসব বিষয় প্রস্তাব করেছে, তা হলো:১. আসামিকে ট্রাইব্যুনালের নিরপেক্ষতার ব্যাপারে প্রশ্ন তোলার সুযোগ দিতে হবে। বর্তমান আইনে অভিযুক্ত ব্যক্তির এ বিষয়ে প্রশ্ন তোলার এখতিয়ার নেই।২. আন্তর্জাতিক বিচারের মাপকাঠি অনুযায়ী যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার সংজ্ঞা নির্ধারণের লক্ষ্যে বিদ্যমান সংশোধিত আইনের ৩ নম্বর অনুচ্ছেদ পরিবর্তন করতে হবে।৩. বিদ্যমান আইনে আসামিকে তিন সপ্তাহ সময় দেওয়ার বিধান রাখা আছে। এর বদলে আসামিকে পর্যাপ্ত সময় দেওয়ার বিষয় নিশ্চিত করতে হবে।৪. বিচার শেষে আপিল করার সুযোগ দেওয়ার পরিবর্তে বিচার চলাকালে আসামিকে ইন্টারলোকিউটোরি আপিল করার সুযোগ দেওয়ার বিধান রাখতে হবে।