আইসিডিডিআরবি পেল হিলটন ফাউন্ডেশন পুরস্কার

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ২০১৭ সালের হিলটন ফাউন্ডেশন পুরস্কার পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সমস্যার সমাধানে উদ্ভাবনী গবেষণার স্বীকৃতি হিসেবে আইসিডিডিআরবিকে ২০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হচ্ছে।
আজ বুধবার সন্ধ্যায় মহাখালীতে আইসিডিডিআরবি কার্যালয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে এই পুরস্কারের কথা ঘোষণা দেওয়া হয়।
এ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিডিডিআরবিকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আইসিডিডিআরবি ছয় দশক ধরে বৈশ্বিক স্বাস্থ্য সমস্যার সমাধানে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছে।
অনুষ্ঠানে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক জন ডি ক্লেম্যান বলেন, এই পুরস্কার আইসিডিডিআরবির সব কর্মকর্তা-কর্মচারীর। এই পুরস্কারের অর্থ নতুন উদ্ভাবন এবং অতীতের উদ্ভাবনগুলোর বিস্তারে কাজে লাগানো হবে।
অনুষ্ঠানে আইসিডিডিআরবির সব পরিচালকসহ জ্যেষ্ঠ বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।