আইসিডিডিআরবিতে আন্দোলন প্রত্যাহার
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) কর্তৃপক্ষ কিছু শর্ত মেনে নেওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের কর্মী মঙ্গল সংস্থা আন্দোলন থেকে সরে এসেছে। কর্মী মঙ্গল সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোর কাছে আন্দোলন থেকে সরে আসার কথা জানিয়েছেন কর্মী মঙ্গল সংস্থার নেতারা।
কর্মী মঙ্গল সংস্থার নেতারা জানিয়েছেন, ফিরোজ আহমেদের চাকরির চুক্তি এক বছর করার সিদ্ধান্ত হয়েছে। দুটি পরীক্ষাগার পুনর্গঠনের যে উদ্যোগ কর্তৃপক্ষ নিয়েছে, তা আপাতত বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়েছে। তবে এসব ব্যাপারে আইসিডিডিআরবি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ব্র্যাকের কাছে নামমাত্র মূল্যে ভবনের ফ্লোর ইজারা বাতিল, বিক্রি করা বিজ্ঞান সাময়িকীর স্বত্ব ফিরিয়ে আনা, ক্যানটিন ও যাতায়াতে ভর্তুকি দেওয়া, অনিয়ম ও বৈষম্য দূর করার দাবিতে গত বছর আন্দোলন করেছিল কর্মী মঙ্গল সংস্থা। কর্মী মঙ্গল সংস্থার নেতারা বলেছেন, কিছু দাবি মেনে নেওয়ায় তাঁরা আন্দোলন স্থগিত করেন। কিন্তু এক বছরে কর্তৃপক্ষ সব শর্ত না মানায় তাঁরা আবার আন্দোলনে নামেন।
ফিরোজ আহমেদ গত রোববার অনশন শুরু করেন ফটকের বাইরে। আজ বেলা ১১টায় কর্মী মঙ্গল সংস্থার নেতা–কর্মীরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে প্রধান ভবনের সামনে অবস্থান নেন। দুপুরের পর তাঁরা নির্বাহী পরিচালকের কক্ষের সামনে অবস্থান নেন এবং তাঁকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় রাখেন। এ অবস্থায় আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী, নির্বাহী পরিচালক ও কর্মী মঙ্গল সংস্থার নেতারা আলোচনা করে নিজ নিজ অবস্থান থেকে কিছুটা সরে আসেন।