আইসিডিডিআরবিতে আন্দোলনের সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) কর্তৃপক্ষ কিছু শর্ত মেনে নেওয়ায় প্রতিষ্ঠানের কর্মী মঙ্গল সংস্থা আন্দোলন থেকে সরে এসেছে। সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন।
কর্মী মঙ্গল সংস্থার নেতারা জানিয়েছেন, কর্মীদের দাবি অনুযায়ী ফিরোজ আহমেদের চাকরির চুক্তি আরও এক বছর নবায়ন করার সিদ্ধান্ত হয়েছে। দুটি পরীক্ষাগার পুনর্গঠনের যে উদ্যোগ কর্তৃপক্ষ নিয়েছে, তা আপাতত বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়েছে। তবে গতকাল রাত পর্যন্ত এসব ব্যাপারে আইসিডিডিআরবি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ব্র্যাকের কাছে নামমাত্র মূল্যে ভবনের ফ্লোর ইজারা বাতিল, বিক্রি করা বৈজ্ঞানিক সাময়িকীর স্বত্ব ফিরিয়ে আনা, ক্যানটিন ও যাতায়াতে ভর্তুকি দেওয়া, অনিয়ম ও বৈষম্য দূর করার দাবিতে গত বছর আন্দোলন করেছিল কর্মী মঙ্গল সংস্থা। সংস্থার নেতারা বলেছেন, কিছু দাবি মেনে নেওয়ায় তাঁরা আন্দোলন স্থগিত করেন। কিন্তু এক বছরে কর্তৃপক্ষ সব শর্ত না মানায় তাঁরা আবার আন্দোলনে নামেন।
ফিরোজ আহমেদ গত রোববার অনশন শুরু করেন ফটকের বাইরে। গতকাল বেলা ১১টায় কর্মী মঙ্গল সংস্থার নেতা ও কর্মীরা ক্যাম্পাসের ভেতরে প্রধান ভবনের সামনে অবস্থান নেন। তাঁরা নির্বাহী পরিচালকের কক্ষের সামনে অবস্থান নিয়ে তাঁকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ রাখেন। পরে জ্যেষ্ঠ বিজ্ঞানী, নির্বাহী পরিচালক ও কর্মী মঙ্গল সংস্থার নেতারা আলোচনা করে নিজ নিজ অবস্থান থেকে সরে আসেন।