আইসিডিডিআরবিতে কর্তৃত্ব বাড়ছে সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) ওপর কর্তৃত্ব বাড়াতে চায় সরকার। প্রতিষ্ঠানটি পরিচালনা-সংক্রান্ত আইন সংশোধনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে কর্তৃত্ব বাড়ানোর বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
যে আইন দিয়ে গবেষণা সংস্থা আইসিডিডিআরবি পরিচালিত হয় সেটির নাম ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ অধ্যাদেশ ১৯৭৮’। অধ্যাদেশটি বাতিল হয়ে যাওয়ায় নতুন করে আইন তৈরি করতে হচ্ছে সরকারকে। এবার এটার নাম হবে ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইন ২০১৬।’
নতুন আইনে কী কী পরিবর্তন আসছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, সরকার আইসিডিডিআরবিকে চিকিৎসা ও স্বাস্থ্য-গবেষণার সর্বোৎকৃষ্ট কেন্দ্র হিসেবে দেখতে চায়। আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে এর মান উৎকর্ষের সর্বোচ্চ পর্যায়ে—থাকুক এটাই সরকার দেখতে চায়।
অন্যদিকে আইসিডিডিআরবি কর্তৃপক্ষও সরকারের কর্তৃত্ব বৃদ্ধির বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। আইসিডিডিআরবির যোগাযোগ শাখা থেকে লিখিতভাবে প্রথম আলোকে বলা হয়, ‘সরকারের সঙ্গে অর্ডিন্যান্সের ব্যাপারে আমাদের আলোচনা চলছে। এমতাবস্থায় আলোচনার বিষয়বস্তুর ওপর কোনো মন্তব্য করতে আমরা এই মুহূর্তে অপারগ।’
১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী, আইসিডিডিআরবির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা হচ্ছে এর ১৭ সদস্যের ট্রাস্টি বোর্ড। এতে বাংলাদেশ সরকারের সদস্য তিনজন। খসড়া আইনে ১২ থেকে ১৭ সদস্যের বোর্ড গঠন এবং বাংলাদেশের সদস্য একজন বাড়ানোর কথা বলা হয়েছে। এ ছাড়া ট্রাস্টি বোর্ডে জাতিসংঘের কোনো সংস্থার প্রতিনিধি নির্বাচনের ক্ষমতাও সরকার নিজের হাতে রাখতে চায়।
প্রতিষ্ঠার পর থেকে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো বিজ্ঞানী। এ পর্যন্ত বিদেশি ব্যক্তিরাই মূলত নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। ট্রাস্টি বোর্ডই তাঁদের নিয়োগ দিয়েছে। এ ক্ষেত্রে সরকারের কোনো খবরদারি ছিল না।
খসড়া আইনে বলা হয়েছে, নির্বাহী পরিচালক নির্বাচন করবে ট্রাস্টি বোর্ড, তবে তাঁর নিয়োগ হবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ‘অনাপত্তিতে’। অর্থাৎ নির্বাহী পরিচালক নিয়োগের ক্ষেত্রে সরকারের অনুমোদনের প্রয়োজন হবে।
এ ব্যাপারে স্বাস্থ্যসচিব বলেন, সরকারের অনুমোদনের বিষয়টি শিষ্টাচারের অন্তর্ভুক্ত। এতে নিয়োগ পাওয়া ব্যক্তির সম্মান বাড়বে। একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে এমন ব্যক্তিকে বসাতে হবে, যাঁকে সবাই স্বাগত জানাবে, যিনি হবেন সর্বজনগ্রাহ্য। তিনি বলেন, আইনটি খসড়া পর্যায়ে রয়েছে। এতে অনেক পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে।
তবে নতুন আইনেও আইসিডিডিআরবি ও এর কর্মকর্তারা স্বাধীনতা ও অধিকার আগের মতোই ভোগ করতে পারবেন। এসব ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আইসিডিডিআরবি জাতীয় ও আন্তর্জাতিক আইন ও বিধিবিধান সাপেক্ষে জৈব উপকরণ ও গবেষণা-সংক্রান্ত ফার্মাসিউটিক্যাল উপকরণ দেশে আনতে পারবে এবং দেশের বাইরে পাঠাতে পারবে। খসড়া আইনের ২২ (২) ধারায় বলা হয়েছে: ‘কেন্দ্রের (আইসিডিডিআরবি) উদ্দেশ্য ও কর্মকাণ্ড যথাযথভাবে সম্পন্ন করার নিমিত্তে ইহার সকল সম্পত্তি এবং মূলধন, সকল প্রকার বিধি, বিধান, বাধা, নিষেধ, এবং সকল প্রকার নিয়ন্ত্রণ হইতে মুক্ত থাকিবে।’
সিয়াটোভুক্ত দেশগুলোর সেনাসদস্যদের কলেরা থেকে রক্ষার জন্য ১৯৬০ সালে পাক-সিয়াটো সিআরএল (কলেরা রিসার্চ ল্যাবরেটরি) স্থাপিত হয় ঢাকার মহাখালিতে। পাক-সিয়াটো সিআরএলই ১৯৭৮ সালের অধ্যাদেশের মাধ্যমে আইসিডিডিআরবি হিসেবে প্রতিষ্ঠা পায়।
তবে ২০০৫ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক শাসনসহ সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ২০১০ সালে আপিল বিভাগেও সেই রায় বহাল থাকে। এর ফলে ওই সময়ে প্রণীত সব আইন বাতিল হয়ে যায়। তবে নতুন আইন প্রণয়নের আগ পর্যন্ত আগের অধ্যাদেশের অধীনেই আইসিডিডিআরবির কার্যক্রম অব্যাহত আছে।