রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এ ‘বর্জন’ কর্মসূচি চলছে। ভর্তুকি প্রত্যাহারের প্রতিবাদে প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের একটি বড় অংশ গত ফেব্রুয়ারি মাস থেকে ক্যানটিনে খাওয়া ও বাসে যাতায়াত বন্ধ রেখেছেন।
আইসিডিডিআরবি কর্তৃপক্ষ ক্যানটিনের খাবারে ও যাতায়াতে ভর্তুকি দিয়ে আসছিল ১৯৭৮ সাল থেকে। এর ফলে অর্ধেক মূল্যে ক্যানটিনে খেতে ও বাসে যাতায়াত করতে পারতেন সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ফেব্রুয়ারিতে ভর্তুকি দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ভর্তুকি বন্ধ এবং ক্যানটিন ও বাস ‘বর্জন’ প্রসঙ্গে গত মঙ্গলবার প্রথম আলোর সঙ্গে কথা বলেন আইসিডিডিআরবির যোগাযোগ ও উন্নয়ন শাখার জ্যেষ্ঠ যোগাযোগ ব্যবস্থাপক নাসমিন আহমেদ। তিনি বলেন, অর্থসহায়তা পরিস্থিতির দ্রুত পরিবর্তনের পরিপ্রেক্ষিতে মূল্য প্রতিযোগিতায় টিকে থাকতে ও আর্থিকভাবে টেকসই হতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে কিছু ক্ষেত্রে ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে।
ব্যবস্থাপনা ও বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানের ক্যানটিনে প্রতিদিন দুপুরে গড়ে ১ হাজার ১০০ মানুষ খেতেন। মঙ্গলবার আইসিডিডিআরবিতে গিয়ে জানা যায়, সেদিন দুপুরে খেয়েছেন ৪০০ জনের মতো। ক্যানটিন বর্জন করা ব্যক্তিদের মধ্যে আছেন বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারী।
অন্যদিকে রাজধানীর বিভিন্ন রুটে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আইসিডিডিআরবির ১৯টি বাস যাতায়াত করে। প্রতিটি বাসে ৫২টি করে আসন। এসব বাসে আগে নয় শতাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়মিত যাতায়াত করতেন। এখন যাতায়াত করছেন এক শর কিছু বেশি।
একাধিক সূত্রে জানা গেছে, বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের এই বর্জন কর্মসূচির পেছনে নেতৃত্ব দিচ্ছে স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তবে অ্যাসোসিয়েশন এ ব্যাপারে কোনো কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে। অবশ্য নাম প্রকাশ না করার শর্তে অ্যাসোসিয়েশনের এক নেতা বলেন, ভর্তুকির টাকা বিজ্ঞানীদের প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এই টাকা বন্ধ করা অন্যায়। কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন না করলে বড় ধরনের আন্দোলন হবে।