রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এ ‘বর্জন’ কর্মসূচি চলছে। ভর্তুকি প্রত্যাহারের প্রতিবাদে প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের একটি বড় অংশ গত ফেব্রুয়ারি মাস থেকে ক্যানটিনে খাওয়া ও বাসে যাতায়াত বন্ধ রেখেছেন।
আইসিডিডিআরবি কর্তৃপক্ষ ক্যানটিনের খাবারে ও যাতায়াতে ভর্তুকি দিয়ে আসছিল ১৯৭৮ সাল থেকে। এর ফলে অর্ধেক মূল্যে ক্যানটিনে খেতে ও বাসে যাতায়াত করতে পারতেন সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ফেব্রুয়ারিতে ভর্তুকি দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ভর্তুকি বন্ধ এবং ক্যানটিন ও বাস ‘বর্জন’ প্রসঙ্গে গত মঙ্গলবার প্রথম আলোর সঙ্গে কথা বলেন আইসিডিডিআরবির যোগাযোগ ও উন্নয়ন শাখার জ্যেষ্ঠ যোগাযোগ ব্যবস্থাপক নাসমিন আহমেদ। তিনি বলেন, অর্থসহায়তা পরিস্থিতির দ্রুত পরিবর্তনের পরিপ্রেক্ষিতে মূল্য প্রতিযোগিতায় টিকে থাকতে ও আর্থিকভাবে টেকসই হতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে কিছু ক্ষেত্রে ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে। জানা গেছে, প্রতিষ্ঠানের ক্যানটিনে প্রতিদিন দুপুরে গড়ে ১ হাজার ১০০ মানুষ খেতেন। মঙ্গলবার দুপুরে খেয়েছেন ৪০০ জনের মতো। অন্যদিকে রাজধানীর বিভিন্ন রুটে আইসিডিডিআরবির ১৯টি বাসে আগে নয় শতাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়মিত যাতায়াত করতেন। এখন যাতায়াত করছেন এক শর কিছু বেশি।