আইসিডিডিআরবিতে প্রতি ঘণ্টায় ৪০ জন ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে বাড়ছে মৌসুমি রোগব্যাধি। গতকাল শনিবার আইসিডিডিআরবিতে গিয়ে দেখা গেছে, প্রতি ঘণ্টায় গড়ে ৪০ জনের বেশি রোগী ভর্তি হচ্ছে। তাদের বেশির ভাগই ডায়রিয়া আক্রান্ত শিশু।চিকিৎসকেরা বলছেন, এ বছর ডায়রিয়ায় শিশু আক্রান্তের হার অন্যান্যবারের চেয়ে বেশি। অন্যান্য বছরের তুলনায় এবার একটু আগেই এর প্রকোপ দেখা দিয়েছে। তবে এখনো আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হয়নি। এই সংক্রমণ আরও কিছু দিন থাকবে। এ অবস্থায় সবাইকে সাবধান থাকা এবং পানি ফুটিয়ে, হ্যালোজেন ট্যাবলেট বা ফিটকিরি ব্যবহার করে বিশুদ্ধ করে পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।আইসিডিডিআরবিতে আসা রোগীদের ভেতরে স্থানাভাবে মূল ভবনের বাইরে তিনটি তাঁবু টাঙিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁবু তিনটিতে চিকিৎসা নিচ্ছে প্রায় ৩০০ রোগী। আইসিডিডিআরবির নিবন্ধন শাখার তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাত একটা থেকে গতকাল শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত ১৭ ঘণ্টায় ভর্তি হয়েছে ৬৮৯ জন রোগী। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আক্রান্ত রোগীর অধিকাংশই শিশু। যত সময় যাচ্ছে শিশুদের আক্রান্তের সংখ্যা তত বাড়ছে। তাদের বেশির ভাগই নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের। শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, প্রায় সবাই ডায়রিয়ায় আক্রান্ত। অনেকেই ঘন ঘন বমি করছে। আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় শিশু ওয়ার্ডে তাদের জায়গা দেওয়া যাচ্ছে না। গতকাল শনিবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এক ঘণ্টায় ৪৮ জন রোগী ভর্তি হতে দেখা গেছে। তাদের বেশির ভাগই শিশু।সময়ের সঙ্গে রোগীর সংখ্যাও বাড়ছে। গত শুক্রবার এখানে প্রতি ঘণ্টায় প্রায় ৩৯ জন রোগী ভর্তি হয়। গতকাল শনিবার সে হার ৪০ অতিক্রম করেছে (৪০ দশমিক ৫২)। গত শুক্রবার ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয় ৯৫৭ জন। গতকাল শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত ৬৮৯ জন রোগী ভর্তি করা হয়। প্রতিষ্ঠানটির শিশু বিভাগের (শর্ট স্টে ইউনিট) প্রধান আজহারুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, শিশুরা রোটা ভাইরাসের সংক্রমণে তীব্র ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাধারণত গরমের তীব্রতা ও বিশুদ্ধ পানির অভাবে এই সংক্রমণ হচ্ছে। এই মৌসুমে এ প্রকোপ দেখা দেয়। তবে এ বছর একটু আগেই এর প্রকোপ দেখা দিয়েছে এবং এর মাত্রাও বেশি বলে মনে হচ্ছে। তিনি সবাইকে সাবধান থাকার পরামর্শ দেন। চিকিৎসা নিতে আসা রোগীদের বেশির ভাগ রাজধানীর রামপুরা, মিরপুর, নাখালপাড়া, বাড্ডা ও সবুজবাগ এলাকার। রাজধানীর এসব এলাকায় সংক্রমণের হার বেশি। এ ছাড়া রাজধানীর আশপাশের এলাকায়ও এ সংক্রমণ দেখা দিচ্ছে বলে জানা গেছে। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, বিশুদ্ধ পানির অভাবে মূলত এ প্রকোপ বাড়ছে।আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী এস কে রায় প্রথম আলোকে বলেন, ব্যয়বহুল হওয়ায় পানি ফুটিয়ে ব্যবহার করা নিম্নবিত্ত বা বস্তিবাসীর পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে ফিটকিরি ব্যবহার করে পানি বিশুদ্ধ করা যায়। তিনি বলেন, সরকার পানি বিশুদ্ধকরণ বড়ির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিতে পারে।