আইসিডিডিআরবির কার্যক্রমের প্রশংসা করলেন বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) বিভিন্ন কার্যক্রমের, বিশেষ করে, এর ছোট ছোট শিশুর জীবন বাঁচানোর উদ্যোগের প্রশংসা করেছেন। গতকাল সোমবার বিকেলে কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখে এর পরিদর্শন বইতে এসব কার্যক্রমের প্রশংসা করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী বান সুুন তায়েক এবং অন্য সফরসঙ্গীরাও ছিলেন। বান কি মুন গতকাল আইসিডিডিআরবির ঢাকার (মহাখালী) হাসপাতাল পরিদর্শনকালে তীব্র মাত্রায় ডায়রিয়া আক্রান্ত রোগী ও তাদের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন। হাসপাতালের নার্সিং অফিসার মমতাজ বেগম মুনের কাছে চালের গুঁড়ার স্যালাইন কীভাবে বানাতে হয়, তা রোগীকে কীভাবে খাওয়াতে হয়—এসবের বিস্তারিত বর্ণনা দেন। মুন রোগীদের কাছে গিয়ে হাত ধরে ধরে শুভেচ্ছা জানান। তাঁরা কোথা থেকে এসেছে, কত দিন থেকে যন্ত্রণা পোহাচ্ছে—এসব খুবই আন্তরিকতার সঙ্গে জানতে চান। আইসিডিডিআরবিতে বান কি মুন প্রায় ঘণ্টা খানেক সময় কাটান। এর পুষ্টি পুনর্বাসন কেন্দ্র ঘুরে বাইরে চলে আসার পর আবার তিনি নিজ থেকেই পুনর্বাসন কেন্দ্রে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আইসিডিডিআরবির সেন্টার ফর নিউট্রিশন অ্যান্ড ফুড সিকিউরিটির পরিচালক চিকিৎসক তাহ্মীদ আহমেদ প্রথম আলোকে বলেন, মুন শিশুদের তীব্র অপুষ্টির কারণ এবং এ সমস্যা সমাধানে বাংলাদেশ কী ধরনের উদ্যোগ নিয়েছে, তা জানতে চান। আইসিডিডিআরবির নিজস্ব পদ্ধতিতে এ কেন্দ্রটিতে আসা রোগীদের ৫০ শতাংশই মৃত্যুর হাত থেকে বেঁচে যাচ্ছে শুনে মুন তার প্রশংসা করেন।প্রসবের সময় মায়ের বেশি রক্তক্ষরণ হচ্ছে কি না, মাকে হাসপাতালে নিতে হবে কি না ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিডিডিআরবির ‘প্রসব ম্যাট’, টিকাদান কর্মসূচি, মাতৃমৃত্যু কমানোর ইতিহাসসহ বিভিন্ন কার্যক্রম বান কি মুনের কাছে উপস্থাপন করেন আইসিডিডিআরবির কর্মীরা। কর্মীরা মুনকে আবারও বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানান। মুনও মাথা নেড়ে তাতে সায় দেন।আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক এলেজান্দ্র কারভিটো, যোগাযোগ এবং উন্নয়ন বিভাগের প্রধান গারহাম জাড, সেন্টার ফর কমিউনিকেবল ডিজিজের পরিচালক স্টিভেন লুবি, যোগাযোগ ব্যবস্থাপক ওয়াহিদা ইফফাত, যোগাযোগ বিশেষজ্ঞ ফারুক হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা মুনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।