আইসিডিডিআরবির জার্নাল বিক্রি
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জার্নাল অব হেলথ, পপুলেশন অ্যান্ড নিউট্রিশন-এর (জেএইচপিএন) মালিকানা স্বত্ব বিক্রি করে দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান বায়োমেড সেন্ট্রাল চার লাখ ডলার দিয়ে মেডিকেল জার্নালটি কিনে নিয়েছে।
জার্নালটি বিক্রির খবর আইসিডিডিআরবির অভ্যন্তরীণ নিউজ লেটার ‘নিউজ এন ভিউজ’-এর ৪ মের সংখ্যায় ছাপা হয়েছে। ‘প্রাচ্যের ল্যানসেট’ নামে পরিচিত এই জার্নাল বিক্রি হওয়ায় আইসিডিডিআরবির একাধিক গবেষক দুঃখ প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ গবেষক বলেছেন, খরচ কমানোর অজুহাতে জার্নালটি বিক্রি করা হয়েছে। প্রশাসনের অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে জার্নালটি নিজেদের কাছে রাখলে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন থাকত। আইসিডিডিআরবি প্রশাসনের পক্ষে জ্যেষ্ঠ যোগাযোগ ব্যবস্থাপক নাসমিন আহমেদ জানিয়েছেন, বিক্রির পরেও এই জার্নালে আইসিডিডিআরবি ও বাংলাদেশি গবেষকেরা লিখতে পারবেন।
৩৩ বছর ধরে জেএইচপিএন প্রকাশ করে আসছিল আইসিডিডিআরবি। আগে এর নাম ছিল জার্নাল অব ডায়রিয়াল ডিজিজ রিসার্চ (জেডিডিআর)। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে এই জার্নালের নিবন্ধনকৃত গ্রাহক ছিল চার হাজার। গ্রাহকদের বড় অংশই ছিল গবেষক। প্রভাব বিস্তারকারী মানের (ইমপ্যাক্ট ফ্যাক্টর) নিরিখে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের ইনডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চ-এর পরেই ছিল জেএইচপিএনের স্থান। একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, এই জার্নালে লেখা ছাপানোর জন্য কর্তৃপক্ষকে কোনো অর্থ দিতে হতো না। কিন্তু এখন প্রতিটি প্রবন্ধের জন্য বায়োমেড সেন্ট্রালকে দুই হাজার মার্কিন ডলার দিতে হবে। প্রবন্ধ বাছাই প্রক্রিয়ার খরচ বাবদ এই অর্থ প্রকাশককে দিতে হবে।