আইসিবি ইসলামী ব্যাংক কিনছে সামিট গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী সামিট গ্রুপ আইসিবি ইসলামী ব্যাংকের অধিকাংশ শেয়ার কিনে নিচ্ছে। ইতিমধ্যেই এর প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে।জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায় আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ার বেচাকেনার তথ্যও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইসি) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার বিকেলে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রয়োজনীয় সম্মতির জন্য ক্রেতা-বিক্রেতারা যোগাযোগ তৈরি করেছেন। সূত্রগুলো জানায়, সামিট আইসিবি ইসলামী ব্যাংকের ৫২ দশমিক ৭৬ শতাংশ শেয়ার কিনছে।উল্লেখ্য, ওরিয়েন্টাল ব্যাংক পুনর্গঠনের পর আইসিবি ইসলামী ব্যাংক নামকরণ করা হয়। তারও আগে এই ব্যাংকটির নাম ছিল আল-বারাকা ব্যাংক। মালিকানা বদলের সঙ্গে ব্যাংকটির নামও বদল হয়েছে কয়েক দফা।প্রসঙ্গত, ব্যবস্থাপনার সহযোগিতায় মালিকপক্ষের লুণ্ঠনের কারণে বেসরকারি খাতের ওরিয়েন্টাল ব্যাংকটি অতিরুগ্ণ হয়ে পড়ে। ২০০৬ সালের ১৯ জুন কেন্দ্রীয় ব্যাংক চরম আর্থিক সংকটজনিত পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থে ব্যাংকের দায়িত্বভার নিজেদের হাতে তুলে নেয়। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক মালিকপক্ষের হাতে থাকা ব্যাংকের মোট ৮৬ দশমিক ২৬ শতাংশ শেয়ারও বাজেয়াপ্ত করে। ২০০৭ সালের ২৩ জানুয়ারি ব্যাংকটির ব্যবসায়িক কার্যক্রম সরকার বিজ্ঞপ্তির মাধ্যমের স্থগিত করে এবং ব্যাংকটি পুনর্গঠনের প্রয়োজনীয় স্কিম তৈরি করে। সুইজারল্যান্ড-ভিত্তিক আইসিবি ফাইন্যান্সিয়াল গ্রুপ এজি প্রায় ৫১ শতাংশ শেয়ার কিনে নেয় ৩৫১ কোটি টাকায়। পরবর্তী সময়ে আরও কিছু শেয়ার তারা কেনে। আইসিবি গ্রুপ ব্যাংকটির নাম পরিবর্তন করে আইসিবি ইসলামিক ব্যাংক করে।ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুসারে, ব্যাংকটির পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ৯৫৭ কোটি ৬৯ লাখ টাকা। এটি জেড ক্যাটাগরির কোম্পানি। সামিট গ্রুপ ব্যাংকটি কিনতে যাচ্ছে এমন তথ্য বাজারে থাকায় গত কয়েক দিনে এর শেয়ারের দাম বেশ বেড়েছে। গতকাল সর্বশেষ লেনদেন হওয়া প্রতিটি শেয়ারের দাম ছিল এক হাজার ৫৩৫ টাকা। উল্লেখ্য, ব্যাংকটির শেয়ারের অভিহিত মূল্য এক হাজার টাকা।যোগাযোগ করা হলে সামিট গ্রুপের পরিচালক (অর্থ) আয়েশা আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘আমরা ব্যাংকটি কেনার প্রক্রিয়া হিসেবে বিক্রেতার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। তবে এর জন্য বাংলাদেশ ব্যাংক ও এসইসির কিছু সম্মতির প্রয়োজন রয়েছে। এসব আনুষ্ঠানিকতা শেষে ক্রয়-বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে।’তিনি জানান, ইতিমধ্যেই তাঁরা বাংলাদেশ ব্যাংক, এসইসি, ডিএসই ও সিএসইতে প্রয়োজনীয় যোগাযোগ করেছেন। আয়েশা আজিজ বলেন, তাঁরা ব্যাংকটির আর্থিক অবস্থায় উন্নতি করতে চান। এর জন্য প্রয়োজনীয় মূলধনও জোগান দেবেন।