আইসিবি ক্যাপিটালের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীকে দুদকের অব্যাহতি
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের বিরুদ্ধে গ্রাহক প্রতারণার অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফায়েকুজ্জামান এবং পরিচালক ও প্রধান নির্বাহী মো. মশিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য-প্রমাণ না পাওয়ায় তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ সোমবার দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানিয়েছে, পুঁজিবাজারের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এক গ্রাহক ২০০৯ সালের ৭ অক্টোবর শেয়ারবাজারে নিজ ও স্ত্রীর নামে দুটি হিসাব খোলেন। পরবর্তী সময়ে তিনি চার লাখ টাকা দিয়ে গ্রামীণফোনের শেয়ার কেনেন। তিনি কোনো মার্জিন ঋণ গ্রহণ না করলেও ২০১৪ সালের ১৯ জুন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষ থেকে চিঠি দিয়ে তাঁকে মার্জিন ঋণের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, তাঁদের বিনিয়োগ হিসাবের বিপরীতে ৬ লাখ ৪২ হাজার ৮৫ টাকা মার্জিন ঋণ নেওয়া হয়েছে। ঋণ পরিশোধ ও সমন্বয়ের জন্যই মূলত ওই চিঠি দেওয়া হয়। একইভাবে তাঁর স্ত্রীর নামেও নয় লাখ টাকা মার্জিন ঋণ দেখানো হয়েছে। এভাবে স্বামী-স্ত্রীর নামে ঋণ দেখিয়ে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ আসে দুদকে।
দুদকের সহকারী পরিচালক মো. আল আমিন এ অভিযোগ অনুসন্ধান করেন। দীর্ঘ প্রায় ছয় মাসেরও বেশি সময় অনুসন্ধান করে এ সব অভিযোগের কোনো সত্যতা পাওয়া না যাওয়ায় অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।