আইসিবি বিল পাস, ১০০ টাকার শেয়ার ১০ টাকায়
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ১০০ টাকা ভিত্তিমূল্যের শেয়ারকে ১০ টাকায় রূপান্তর করে আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিল পাস হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আইসিবি বিল-২০১৪ সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিল সম্পর্কিত জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।
বিলের ১৮ দফায় বলা হয়েছে, আইসিবির অনুমোদিত শেয়ার মূলধন হবে এক হাজার কোটি টাকা, যা প্রতিটি ১০ টাকা মূল্যের ১০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে। তবে সরকার সময়ে সময়ে শেয়ার মূলধন বাড়াতে পারবে। করপোরেশনের পরিশোধিত মূলধন হবে ৪২১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা, যা সময়ে সময়ে সরকারের অনুমোদন নিয়ে বাড়ানো যাবে। করপোরেশনের শেয়ার মূলধন সরকারিভাবে ২৭ শতাংশ, বাংলাদেশ উন্নয়ন ব্যাংক বা রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান কতৃর্ক ২৪ শতাংশ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও জনসাধারণ কতৃর্ক ৪৯ শতাংশ হারে সংগৃহীত হবে।
এ ছাড়াও উপানুষ্ঠানিক শিক্ষা বিল-২০১৪ আজ সংসদে উত্থাপিত হয়। বিলটি উত্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। বিলটি উত্থাপনের এক মাসের মধ্যে যাচাইবাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিল পাস শেষে সংসদের অধিবেশন কাল বুধবার সন্ধ্যা সাতটা পর্যন্ত মুলতবি করা হয়।