ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকা করা হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় সব প্রতিষ্ঠানের অভিহিত মূল্য ১০ টাকা করা হলেও আইসিবি এত দিন তা করতে পারেনি।গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, গত বছরের সেপ্টেম্বরে শেয়ারবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার আদেশ দেয় বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। তবে সরকারি প্রতিষ্ঠান আইসিবির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকাই ছিল।সচিব আরও বলেন, নবম জাতীয় সংসদের ২০১৩ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া নিয়েও মন্ত্রিসভায় আলোচনা করা হয়েছে। তিনি জানান, সব মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য নিয়ে সম্প্রতি এই ভাষণের খসড়াটি তৈরি করা হয়। এতে সরকারের সর্বশেষ বছরের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। মন্ত্রিসভার কয়েকজন সদস্য এই ভাষণে অন্তর্ভুক্তির জন্য তাঁদের মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য দিতে চেয়েছেন। এসব তথ্য সংযোজন করে বক্তব্যটি আবারও মন্ত্রিসভায় তোলা হবে। বৈঠকে বাংলাদেশে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে চীনের বিনিয়োগ প্রস্তাব নিয়েও আলোচনা করা হয় বলে জানান সচিব।এ ছাড়া সম্প্রতি চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বাংলাদেশ প্রতিনিধিদলের অংশ নেওয়া সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করা হয়। গত ১১ থেকে ১৬ সেপ্টেম্বর অর্থমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশ নেন।