আইসিসির আচরণ দুঃখজনক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইসিসির সভাপতিকে মঞ্চে উঠতে না দেওয়া দৃষ্টিকটু হয়েছে। সভ্য সমাজে কেউ এ ধরনের আচরণ গ্রহণ করতে পারে না। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার শুরুতেই প্রধানমন্ত্রী এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সভায় উপস্থিত দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা আগেও দেখেছি, আইসিসির সভাপতিই চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। ক্রিকেট বিশ্বে এটি একটি স্বাভাবিক প্রথা। আয়োজক দেশ হিসেবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যদি চ্যাম্পিয়ন দলকে ট্রফি দিতেন, তাহলে কোনো প্রশ্ন উঠত না।’
বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওই ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে যে কেউ বক্তব্য দিতে পারেন। এ বিষয়ে আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামাল যে বক্তব্য দিয়েছেন, তাতে কোনো ভুল দেখছি না। কিন্তু এ বিষয়টি নিয়ে আইসিসি যা করেছে, বিশেষ করে সভাপতিকে মঞ্চে যেতে না দেওয়া, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এদিকে আজ দুপুরে অস্ট্রেলিয়া থেকে ফিরবেন মুস্তফা কামাল। বিমানবন্দরে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।