আইসিসির বিচারক পদে নির্বাচন করবে বাংলাদেশ
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক পদে প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের রাজধানী হেগে ২৪ ও ২৫ মার্চ বিশেষ অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আইসিসির বিচারক পদে বাংলাদেশ নির্বাচনের কথা বিবেচনা করছে। আর এ পদে নির্বাচনের জন্য সরকার সাবেক প্রধান বিচারপতি ও বর্তমানে আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হককে মনোনয়ন দেওয়ার কথা ভাবছে। আইসিসির বিচারকের সম্মানিত পদে দায়িত্ব পালনের সব রকম যোগ্যতা তাঁর রয়েছে বলে আমাদের বিশ্বাস।’
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩১ মার্চের মধ্যে প্রার্থিতার পক্ষে মনোনয়ন জমা দিতে হবে। তবে এ পদে নির্বাচনের জন্য জোরালো প্রচারণা চালাতে হবে বলে মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মনে করেন।
আইসিসির ওয়েবসাইট থেকে জানা গেছে, আইসিসির বিচারক পদে নির্বাচিত হতে হলে ১২৩টি ভোটের (দেশের) দুই-তৃতীয়াংশ পেতে হবে। আইসিসিতে বিচারকের পদ রয়েছে ১৮টি। ফিলিপাইনের বিচারক মিরিয়াম ডিফেন্সর সান্তিয়াগোর পদত্যাগের ফলে শূন্য পদে নির্বাচন হবে। ২০১১ সালের ডিসেম্বরে নয় বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর শূন্য পদে নির্বাচিত বিচারক ছয় বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
বিচারপতি খায়রুল হক ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৭৫ সালে তিনি লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালের সেপ্টেম্বরে তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান, অবসরে যান ২০১১ সালের মে মাসে।
এ বি এম খায়রুল হকের দেওয়া উল্লেখযোগ্য রায়ের মধ্যে রয়েছে রাষ্ট্র বনাম লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান ও অন্যান্য, সংবিধানের পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী এবং ত্রয়োদশ সংশোধনী মামলা।