১৯৫৬ সালের সংবিধানে উর্দু ও বাংলাকে জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল। কিন্তু এর এক যুগ পরে এসেও আইয়ুব খান পাকিস্তানি ভাষা চালু করার পরিকল্পনা ব্যক্ত করেছিলেন।
১৯৬৮ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকা থেকে মার্কিন কনসাল লেজলি স্কয়ার্স ওয়াশিংটনকে জানিয়েছিলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশেষ সংগীত ও নৃত্যসন্ধ্যার আয়োজন করেছিল নজরুল একাডেমী। অনুষ্ঠান শেষে আইয়ুব একটি তাৎপর্যপূর্ণ ভাষণ দেন। এতে তিনি পাকিস্তানের আঞ্চলিক উপাদানের মধ্যে অনৈক্যের পরিবর্তে ঐক্যের সন্ধান পান এবং ভবিষ্যদ্বাণী করেন যে ‘আমাদের সম্ভবত একটি “পাকিস্তানি ভাষা” থাকবে। আর সেটা হবে দেশের সব ভাষার সংশ্লেষণ।’
স্কয়ার্স মন্তব্য করেছিলেন, এটা অনুমেয় যে ভাষাসংক্রান্ত আইয়ুবের ওই ঘোষণাটি অপরিকল্পিত। তাঁর ওই মন্তব্যকে কেবলই সাংঘাতিক রাজনৈতিক ভুল হিসেবে বিবেচনা করা চলে। অন্তত ঢাকার মানুষ তাঁর এই দৃষ্টিভঙ্গিকে বাঙালিদের জন্য বিব্রতকর মনে করবে। ‘পাকিস্তানি ভাষা’ সম্পর্কে তিনি যে ভবিষ্যদ্বাণী করেছেন, তাঁর মূলে রয়েছে মুসলিম সাংস্কৃতিক এককেন্দ্রিকতার ধারণা। আর পাকিস্তানে ‘বাংলা চালুর প্রতিবন্ধকতা’ নিয়ে তাঁর উচাটন মনের প্রতিফলন ঘটেছে।
১৯৬৮ সালের ২ অক্টোবর স্কয়ার্স ওয়াশিংটনে আরেকটি গোপনীয় বার্তা পাঠান। এতে তিনি লিখেছেন, পাকিস্তান অবজারভার ১ অক্টোবর দেওয়া আইয়ুবের বেতার বক্তৃতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাহমুদ হোসাইনের মন্তব্য প্রথম পৃষ্ঠায় পাশাপাশি ছেপেছে। আইয়ুব তাঁর মাসিক বেতার ভাষণে বলেছেন, ‘সংস্কৃতিকে বিভক্ত করা যায় না’। মাহমুদ হোসাইন বক্তব্য দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে। অবজারভার তাঁর বক্তব্যের শিরোনাম দিয়েছে, ‘একটিমাত্র সংস্কৃতির জন্য এক ইউনিটের পাকিস্তান অনেক বড়।’
ওই মার্কিন কূটনীতিকের ভাষায়, ওই দুটি প্রতিবেদনের বিষয়বস্তুর মধ্যে বৈপরীত্য রয়েছে। ড. হোসাইন মনে করেন, ‘পাকিস্তানের ভৌগোলিক অবস্থান’ একটি স্বতন্ত্র পরিস্থিতি সৃষ্টি করেছে। এর ফলে ‘পাকিস্তানি সংস্কৃতির মধ্যেও একটি বৈচিত্র্য সৃষ্টি করতে বাধ্য।’ তিনি আরও যুক্তি দেন যে ‘একটি আদর্শ একটি সংস্কৃতি সৃষ্টি করতে সক্ষম হবে না, যদি না সেই আদর্শ একটি ভূখণ্ডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।’
রাওয়ালপিন্ডি ডেটলাইনে আইয়ুবের ভাষণ ছাপা হয়। আইয়ুব বলেন, ‘আমাদের ভিত্তি হলো ইসলাম। তাই পাকিস্তানি জাতির সংস্কৃতিকে সম্প্রদায়গতভাবে বিভক্ত করা চলে না।’ ওই খবরে আইয়ুবকে উদ্ধৃত করে আরও বলা হয়, ‘আমরা পাকিস্তানের জন্য একটি সর্বজনীন ভাষার বিকাশ ঘটাতে সক্ষম হব।’
আইয়ুবের ওই মন্তব্যে মার্কিন কনসাল গত সেপ্টেম্বরে ঢাকায় দেওয়া তাঁর উল্লিখিত ‘পাকিস্তানি ভাষা’বিষয়ক ঘোষণার মধ্যে মিল খুঁজে পান। স্কয়ার্স বলেন, এটা লক্ষণীয় যে এর আগে নজরুল একাডেমীর অনুষ্ঠানে তিনি ‘ভাষাগত ঐক্য’ শব্দটি ব্যবহার করেছিলেন। এখন এক মাসের ব্যবধানে সেখান থেকে সরে এসে বলছেন, ‘সাংস্কৃতিক ঐক্য’। অক্টোবর ভাষণে আইয়ুব উর্দু, বাংলা, সিন্ধি, পাঞ্জাবি ও অন্যান্য পাকিস্তানি ভাষার মধ্যে উৎপত্তি ও কাঠামোগত সামঞ্জস্য চিহ্নিত করেন। তিনি যুক্তি দেন, ‘আঞ্চলিক ভাষাসমূহ একটি পরিবারভুক্ত। এই ভাষাগুলো জীবনের এক এবং অভিন্ন দর্শনের সঙ্গেও সংশ্লিষ্ট।’
স্কয়ার্স মন্তব্য করেন, আইয়ুবের বেতার ভাষণের আগে ড. হোসেইন রাজশাহীর সেমিনারে তাঁর বক্তব্য রেখেছিলেন। ড. হোসেইন ১৯৬০-৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি ভারতের রাষ্ট্রপতি (১৯৬৭-৬৯) জাকির হোসাইনের ভাই।
মার্কিন কনসাল লিখেছেন, সম্প্রতি তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। তিনি পূর্ব পাকিস্তানের সংস্কৃতি এবং ভাষার একনিষ্ঠ সমর্থক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে তাঁকে জবরদস্তি সরিয়ে দেওয়া হয়েছিল।