আই-জেনের দ্বিতীয় পর্ব ২৫ জুন থেকে

২৫ জুন থেকে জেলা পর্যায়ে শুরু হতে যাচ্ছে গ্রামীণফোন-প্রথম আলো আই-জেনের দ্বিতীয় পর্ব। এতে ১০ হাজার শিক্ষার্থী অংশ নেবে। গতকাল সোমবার বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৫ এপ্রিল এই আয়োজনের প্রথম পর্ব শুরু হয়। এতে সারা দেশের দুই হাজার বিদ্যালয়ের ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রথম পর্ব থেকে উত্তীর্ণ ১০ হাজার শিক্ষার্থীই দ্বিতীয় পর্বে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। এই পর্বের বিজয়ীরা আঞ্চলিক পর্বের প্রতিযোগিতায় অংশ নেবে। আটটি অঞ্চল থেকে উত্তীর্ণ ৪০ জন প্রতিযোগী চ্যানেল আইতে রিয়েলিটি শোতে যাবে। সর্বশেষ তিনটি দল চূড়ান্তভাবে বিজয়ী হওয়ার জন্য প্রতিযোগিতা করবে। বিজয়ীরা শিক্ষাবৃত্তিসহ নানা সুযোগ-সুবিধা পাবে।
প্রতিযোগিতা সম্পর্কে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) অ্যালান বঙ্কে বলেন, ‘ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের তরুণদের আত্মনির্ভরশীল করার প্রচেষ্টায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। সবার কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়ার মূলমন্ত্রে একটি সম্পূর্ণ ডিজিটাল প্রজন্ম তৈরিতে আমরা বদ্ধপরিকর। আমার বিশ্বাস, আই-জেন উদ্যোগটির মাধ্যমে আমরা আরেক ধাপ এগিয়ে যাব।’
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘২০১১ সালে ১০০টি স্কুলে এই প্রতিযোগিতা হলেও এবার দুই হাজার স্কুলে হচ্ছে। বাংলাদেশে এত বড় প্রতিযোগিতা আর হয়নি।’ তিনি বলেন, পৃথিবীর ২১০টি দেশে প্রথম আলো পড়ে বাংলা ভাষাভাষীর মানুষ। তাঁদের সঙ্গে প্রথম আলোর এই যোগসূত্র ইন্টারনেটের মাধ্যমে। আজকে বিশ্বব্যাপী বিতর্ক হচ্ছে ছাপা কাগজ থাকবে কি না। এর কারণ অনলাইন।
মতিউর রহমান বলেন, ইন্টারনেট ছাড়া সামনে এগোনো যাবে না। আর সে কারণেই তরুণ-তরুণী, কিশোর-কিশোরীদের জন্য এই প্রতিযোগিতা। এ কর্মসূচি সর্বত্র ছড়িয়ে দিতে পারলে অগ্রগতির ধারায় দেশ আরেক ধাপ এগিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে ২০১১ সালের আই-জেন মীর রাসেল ও আসিফ এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর তাঁদের জীবন কীভাবে বদলে গেছে, সবাইকে তা শোনান। সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, সবার জন্য ইন্টারনেট পৌঁছে দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে গ্রামীণফোন। আই-জেনের মাধ্যমে গ্রামীণফোন তরুণ প্রজন্মকে ইন্টারনেটের ব্যাপারে ওয়াকিবহাল করতে এবং প্রাত্যহিক জীবনে এর ব্যবহার সম্পর্কে সচেতন করতে চায়।
প্রথম আলো ও গ্রামীণফোনের উদ্যোগের অন্য সহযোগীরা হলো: পারফেটি ভ্যান মেল-এর ব্র্যান্ড অ্যালপানলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, রেক্সোনা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি এবং চ্যানেল আই।