আউটসোর্সিং-উদ্যোক্তা সেই রাসেলের ওপর হামলা
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় যুবকদের হামলায় গুরুতর আহত হয়েছেন দেশের নামকরা আউটসোর্সিং উদ্যোক্তা রাসেল আহমেদ (২৫)। তাঁকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফারাকপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে রাসেলকে নিয়ে গত বছর ২৩ জানুয়ারি প্রথম আলোর শেষ পাতায় ‘বিশ্বজোড়া রাসেলের কাজ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। রাসেল আহমেদ জানান, সোমবার সন্ধ্যার দিকে ফারাকপুর মাঠে ফুটবল খেলা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মাঝপথে স্থানীয় পাঁচ-ছয়জন যুবক তাঁর গতিরোধ করে আকস্মিক হামলা চালায়। তারা ইট দিয়ে তাঁর মাথায় এবং লাঠি দিয়ে পিঠ ও পায়ে আঘাত করে। এ সময় তাঁর মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রাসেল আহমেদ আরও জানান, তাঁর মাথায় ও কানের পাশে ১৪টি সেলাই দিতে হয়েছে। গতকাল দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়ি ফেরেন। তিনি অভিযোগ করে বলেন, হামলার ব্যাপারে প্রশাসনকে জানানো হলেও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা আবারও হামলা চালাতে পারে। রাসেলের বাবা মকবুল হোসেন বলেন, ভেড়ামারা মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগটি নথিভুক্ত করা হয়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, আসামিরা পলাতক রয়েছে। ভাঙচুর হওয়া মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।