আউটসোর্সিং প্রতিষ্ঠানে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে বসে আয়ের নামে প্রতারণা করার অভিযোগে গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর কলাবাগানে একটি অনলাইন আউটসোর্সিং প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন গ্রাহকেরা। পুলিশ ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান খলিলুর রহমানকে আটক করেছে।পুলিশ জানায়, টাকা নিয়ে কর্মকর্তারা পালানোর প্রস্তুতি নিচ্ছেন—এমন সংবাদ পেয়ে গত বৃহস্পতিবার রাত থেকেই গ্রাহকেরা কলাবাগান লেক সার্কাসে স্কাইলেন্সার নামের ওই প্রতিষ্ঠানটিতে ভিড় করেন। তাঁরা খলিলুর ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকে কার্যালয়ে আটক করে রাখেন। পরে শুক্রবার ভোরে পুলিশ সেখানে যায়। ইতিমধ্যে শতাধিক গ্রাহকও সেখানে হাজির হন। গতকাল দুপুর ১২টার দিকে গ্রাহকেরা প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালান। গ্রাহকেরা অভিযোগ করেন, গতকাল আয়ের টাকা প্রত্যেকের হিসাবে দেওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে তাঁরা খবর পান, কর্মকর্তারা প্রতিষ্ঠান থেকে সটকে পড়ার জন্য পরামর্শ করছেন। গত ডিসেম্বরে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। কলাবাগান ছাড়াও শাহজাদপুর, মহাখালীসহ বিভিন্ন স্থানে তাদের কার্যালয় আছে। আয়ের পদ্ধতির নাম ‘ক্লিক করলেই পরিশোধ’ (পিটিসি-পেটুক্লিক)। অর্থাৎ প্রতিদিন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া ১০০টি বিজ্ঞাপন ক্লিক করে ৭৫ টাকা (এক ডলার) আয় করা যাবে। এ জন্য সাড়ে সাত হাজার টাকা দিয়ে হিসাব খুলতে হয়।গতকাল সন্ধ্যায় কলাবাগান থানায় গিয়ে দেখা যায় শতাধিক গ্রাহকের ভিড়। তাঁরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিলেন। মেহেদী হাসান নামের এক গ্রাহক বলেন, তিনি ৪০টি হিসাব খুলেছেন। এ জন্য প্রতিষ্ঠানে তাঁকে প্রায় দেড় লাখ টাকা দিতে হয়েছে।এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আটক খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, কেউই পালানোর প্রস্তুতি নেননি। সাইফুল, আতাউর রহমানসহ তাঁরা কয়েকজন মিলে এ প্রতিষ্ঠানটি চালাতেন। তাঁদের সরকারি অনুমোদন রয়েছে বলে দাবি করেন। কলাবাগান থানার ওসি এনামুল হক বলেন, এভাবে ব্যবসা করার কোনো সরকারি অনুমোদন তাদের নেই। মামলা দায়েরের পর এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।