প্রকল্পের জন্য গাছ কাটা ছাড়া বিকল্প নেই: সিডিএ
আউটার রিং রোডের জন্য কাটা হচ্ছে ২০ হাজার গাছ

সিটি আউটার রিং রোড প্রকল্পের জন্য গত ছয় মাসে চট্টগ্রাম শহর রক্ষা বাঁধ এলাকায় কেটে ফেলা হয়েছে প্রায় ১৫ হাজার গাছ। এসব গাছের গড় বয়স ১২ থেকে ১৩ বছর। রিং রোড প্রকল্পের জন্য কাটা হবে আরও ৫ হাজার গাছ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বলছে, এই প্রকল্প বাস্তবায়ন করতে হলে বাঁধ এলাকা থেকে গাছ কাটা ছাড়া আর কোনো বিকল্প নেই।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ঝড়-জলোচ্ছ্বাসে মানুষের রক্ষাকবচ হিসেবে কাজ করত এসব গাছ। একসঙ্গে এত গাছ কেটে ফেলায় সৈকতের সৌন্দর্যহানি ঘটছে। তাঁরা বলছেন, সৈকতে গাছ না থাকায় রোয়ানুর তাণ্ডবে পতেঙ্গা উপকূলে এবার ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। শহর রক্ষা বাঁধের দুপাশ থেকে কেটে ফেলা গাছের মধ্যে অধিকাংশই ঝাউগাছ। এ ছাড়া সেগুন, আকাশমণি, মেহগনি, শিশু, নারকেল ও খেজুরগাছও কাটা পড়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন প্রথম আলোকে বলেন, সমুদ্র উপকূলীয় এলাকায় যদি ২০-৩০ মিটার পর্যন্ত গাছের বেষ্টনী থাকে, তাহলে ঘূর্ণিঝড়ের সময় ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাভাবিকের চেয়ে ৪০-৫০ শতাংশ কম হয়। কিন্তু চট্টগ্রাম শহর রক্ষা বেড়িবাঁধের গাছগুলো কেটে ফেলায় ঘূর্ণিঝড় রোয়ানু সৈকত এলাকার দোকান ও ঘরবাড়িতে সরাসরি আঘাত হেনেছে। ফলে ক্ষতির পরিমাণও বেড়েছে। গাছগুলো থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো।
সিটি আউটার রিং রোডটি চট্টগ্রাম শহর রক্ষা বাঁধের ওপর নির্মাণ করা হচ্ছে। নগরের পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত চার লেনের এই সড়কের দৈর্ঘ্য ১৫ দশমিক ২ কিলোমিটার। সড়কটি প্রস্থ হবে সাড়ে ২০ থেকে সাড়ে ২৪ মিটার, উচ্চতা হবে প্রায় ১০ ফুট। এই প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭০০ কোটি টাকা। জাপানি সাহায্য সংস্থা জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক কাজী হাসান বিন শামস প্রথম আলোকে বলেন, শহর রক্ষা বাঁধকে শক্তিশালী করতেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন করতে হলে গাছ কাটা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। নির্মাণকাজ শেষ হলে শহর রক্ষা বাঁধ চার গুণ বেশি শক্তিশালী হবে। এখন যেখানে বাঁধটি ২০ ফুট উঁচু, তখন তা হবে ৩১ থেকে ৩৩ ফুট। বাঁধের নিচের অংশে চওড়া হবে ২৫০ থেকে ৩০০ ফুট এবং ওপরে এর প্রশস্ততা থাকবে ৮০ থেকে ৮৪ ফুট। বর্তমানে তা ১৬ থেকে ২৪ ফুট।
কাজী হাসান বিন শামস বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য গাছ কাটা হচ্ছে ২০ হাজার। এখন পর্যন্ত ১৫ হাজার গাছ কাটা হয়েছে। আর প্রকল্প বাস্তবায়িত হলে বাঁধ এলাকায় ৫০ হাজার গাছ লাগানো হবে। চলতি বর্ষা মৌসুম থেকেই বৃক্ষরোপণের কাজ শুরু হবে।
গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পতেঙ্গা সমুদ্রসৈকত ও চরপাড়া এলাকায় বাঁধের দুপাশে গাছের গোড়ার অংশ ছাড় া কিছু নেই। কাটা কিছু গাছ সৈকতে ছড়িয়ে-ছিটিয়ে আছে। আর বাকি গাছ সড়কের এক পাশে স্তূপ করে রাখা হয়েছে। বাঁধের দুপাশে তিন থেকে চার সারি গাছ ছিল।
সিডিএ ও বন বিভাগ সূত্র জানায়, গত বছরের অক্টোবরে বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে বেড়িবাঁধের গাছ কাটার অনুমোদন পায় সিডিএ। এ জন্য বন বিভাগকে ক্ষতিপূরণ বাবদ প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা দেয় সিডিএ। এরপর নভেম্বর থেকে গাছ কাটার প্রক্রিয়া শুরু হয়। শুরুতে বাঁধের আনন্দবাজার, রাসমণি ঘাট এলাকা থেকে গাছ কাটা হয়। এক মাস ধরে পতেঙ্গা সমুদ্রসৈকত, চরপাড়া ও খেজুরতলা এলাকা থেকে গাছ কাটা হচ্ছে।
অবশ্য চার লেনের সড়ক করতে হলে বেড়িবাঁধের পাশ থেকে গাছ না কেটে উপায় নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক মো. দানেশ মিয়া। তবে তিনি বলেন, সব গাছ কেটে না ফেলে কিছু রাখা যেত কি না ভেবে দেখা দরকার ছিল। প্রকল্পের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সড়কের দুপাশে নতুন করে বৃক্ষ রোপণ করতে হবে। এই কাজ ঠিকমতো করা গেলে গাছ কাটার ফলে যে ক্ষতি হয়েছে, তা পাঁচ-ছয় বছরের মধ্যে পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তিনি বাঁধ এলাকায় কেওড়া, ঝাউগাছ লাগানোর পরামর্শ দেন।
চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন সংরক্ষক হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সড়কের দুপাশে গাছ লাগানোর শর্ত দেওয়া হয়েছে সিডিএকে। তা ছাড়া যে এলাকায় সড়কের নির্মাণকাজ শেষ হবে, তখনই সেখানে বৃক্ষ রোপণ করতে হবে।