টানা বর্ষণ ও জোয়ারের পানিতে বরগুনা ও ঝালকাঠির কয়েক হাজার হেক্টর আউশের খেত ও আমনের বীজতলা তলিয়ে গেছে। ইতিমধ্যে দুই জেলায় প্রায় ১৫ হাজার হেক্টর বীজতলার আমনের চারা পচে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
ঝালকাঠি কৃষি বিভাগের কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে জেলার প্রায় ৫ হাজার হেক্টর জমির আমনের চারা পচে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। পানি দ্রুত নেমে না গেলে এই ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর ঝালকাঠি জেলায় ৫০ হাজার ৭৬৯ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল জাতের ৮ হাজার ৯৫৫ হেক্টরে এবং ৪১ হাজার ৮১৪ হেক্টরে স্থানীয় জাতের লক্ষ্যমাত্রা রয়েছে। ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার কৃষকেরাও বীজতলা করেছিলেন কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।
আর বরগুনা জেলায় এবার আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩ হাজার ৩১০ হেক্টর। টানা বর্ষণ ও জলাবদ্ধতায় সেখানেও প্রায় সাড়ে ৯ হাজার হেক্টর আমনের চারা পচে গেছে বলে জেলার কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।
কৃষকদের সূত্রে জানা গেছে, এ বছর বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে তীব্র খরায় পানি সংকটে প্রথম দফায় আউশ আবাদ ব্যাহত হয়। জ্যৈষ্ঠের শেষ দিকে বৃষ্টি শুরু হলে কৃষকেরা আউশ আবাদের জন্য পুরোদমে মাঠে নামলে শুরু হয় অতিবর্ষণ। টানা বর্ষণে বীজতলায় আউশের চারা কয়েক দফা পচে যায়। এরপর নতুনভাবে বীজতলা তৈরি করা হয়। চারা রোপণ করা হয় খেতে। কিন্তু দীর্ঘদিন ধরে এসব খেত পানির নিচে পড়ে আছে। এত দিনে হয়তো সব পচে গেছে।
বরগুনার আমতলী উপজেলার গোডাঙ্গা গ্রামের কৃষক রুস্তম আলী প্রথম আলোকে বলেন, তাঁর ৫০ শতাংশ আমনের বীজতলা প্রায় ৪-৫ ফুট পানির নিচে থাকায় সেখানে পচন ধরেছে। নতুন বীজতলা করতে হবে।
সদরের নোমেরহাট গ্রামের কৃষক সুখরঞ্জন সরকার বলেন, ‘দেড় একর জমিতে আউশ ধান দিছিলাম। কিন্তু পানিতে সব পইচ্চা গ্যাছে। আর আমনের বীজতলা তো করতেই পারি নাই। চাইর দিক খালি পানি আর পানি। এইবার মোনে অয় আমনও মোরা ঘরে নেতে পারমু না।’
ঝালকাঠির চর রাজাপুর গ্রামের কৃষক আবদুল হক বলেন, গত এক মাসে আমনের বীজ তৈরি করার জন্য দুই দফায় চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি। এক সপ্তাহ আগে বীজ তৈরির জন্য বীজধান ফেলেছেন। কিন্তু জোয়ারের পানিতে তাও ভেসে গেছে।
রাজাপুর উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘প্রথম ও দ্বিতীয় দফায় আমরা আমনের বীজতলা তৈরির জন্য স্থানীয় কৃষকদের ছয় থেকে সাত মণ বীজধান সরবরাহ করেছি। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় এবারে আমনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আমরা শঙ্কিত।’
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘জলাবদ্ধতায় দুই দফায় আমনের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। তবু ক্ষতি পুষিয়ে উঠতে আমরা কৃষকদের পাশে আছি।’
বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইনুর আজম খান বলেন, ‘পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আমরা উঁচু জমিতে কৃষকদের নতুন করে আমনের বীজতলা করার পরামর্শ দিচ্ছি।’