আউশ চাষিদের জন্য ৪৩ কোটি টাকার প্রণোদনা
সরকার আউশ ধান চাষে উৎসাহ দিতে ৪৩ কোটি আট লাখ ৯২ হাজার ৫০০ টাকার প্রণোদনা-সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। তিন লাখ ৩২ হাজার ৫০০ কৃষককে এ প্রণোদনা দেওয়া হবে। এ প্রণোদনার ফলে আউশ মৌসুমে ৩২১ কোটি ৯০ লাখ টাকার অতিরিক্ত ধান উৎপাদিত হবে।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গতকাল বুধবার কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি জানান, এই সহায়তার আওতায় প্রত্যেক কৃষক বিনা মূল্যে গড়ে এক হাজার ২৯৬ টাকার বীজ ও সার পাবেন। জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও জেলা প্রশাসকেরা সরকার থেকে পাঠানো টাকা উত্তোলন করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে বীজ, সার সরবরাহ ও আগাছা দমনে সহায়তার জন্য উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির কাছে প্রয়োজনীয় অর্থ দেবেন।কৃষি মন্ত্রণালয় আশা করছে, এই সহায়তার ফলে আউশ ধানের উৎপাদন এক লাখ ১১ হাজার মেট্রিক টন বাড়বে। একই সঙ্গে কৃষকেরা আউশ ধান চাষে উৎসাহিত হবেন।মতিয়া চৌধুরী বলেন, আউশ ধানের আবাদ মূলত বৃষ্টিনির্ভর। সামান্য সেচে আউশ উৎপাদন সম্ভব। এর উৎপাদন খরচও কম। তাই গম বা রবিশস্য কাটার পর জমি ফেলে না রেখে আউশ ধানের আবাদ করা যায়। তিনি বলেন, ‘আমাদের উৎপাদিত ধানের বেশির ভাগই আসে বোরো থেকে। কিন্তু বোরো আবাদে প্রচুর সেচের প্রয়োজন। এতে ভূগর্ভস্থ পানির স্তরও দিন দিন নিচে নেমে যাচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। তাই সরকার আউশ আবাদে কৃষকদের উৎসাহী করতে এই প্রণোদনার ব্যবস্থা করেছে।’দেশের দক্ষিণাঞ্চলই কৃষির ভবিষ্যৎ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অঞ্চলে কৃষির উন্নয়নে সরকার ৫৪ হাজার কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা নিয়েছে। এতে দেশের ধান উৎপাদন বোরো থেকে সরে আউশ ও আমননির্ভর হবে বলে তিনি আশা করেন। এই সহায়তার আওতায় প্রতি বিঘা জমির জন্য প্রতি কৃষককে পাঁচ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হবে।