আউশ চাষে প্রণোদনা পেলেন ফেনীর ৫২৫ কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ৫২৫ জন কৃষকের মাঝে আউশ চাষে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। ২০ ও ২১ মার্চ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই প্রণোদনা দেওয়া হয়।
২০ মার্চ কৃষি প্রণোদনা প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মো. সাইফুদ্দিন। এতে আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কে এম গোলাম সারওয়ার।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মো. সাইফুদ্দিন জানান, ফেনী সদর উপজেলার ৫২৫ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। তবে নেরিকা জাতের আউশ ধান চাষ করছেন এমন ১৫০ জনকে ১০ কেজি করে বীজ, সেচ ও আগাছা বাছাইয়ে জন্য ৮০০ টাকা দেওয়া হয়। এ ছাড়া উচ্চফলনশীল (উফশী) জাত চাষ করছেন যাঁরা, তাঁদের জনপ্রতি ৫ কেজি করে বীজ, সেচ ও আগাছা বাছাইয়ের জন্য ৪০০ টাকা করে প্রদান করা হয়।
সার, বীজ ও টাকা প্রদানের বিষয়টি তদারকি করেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. খালেদ কামাল।