আউশে কৃষকের প্রণোদনা আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বিনা মূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির আওতায় আউশ প্রণোদনা বিতরণের সময় পার হয়ে গেলেও রাজশাহীর দুই উপজেলার কৃষকেরা তা পাননি৷ উপজেলা দুটি হলো তানোর ও গোদাগাড়ী৷ অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের স্থানীয় নেতারা কৃষি কমিটির জমা দেওয়া তালিকা কাটাকুটি করে নিজ দলের পছন্দের লোকদের নাম ঢুকিয়েছেন৷ আবার কোথাও আলাদা নামের তালিকা জমা দিয়েছেন৷ কৃষি কমিটি এখন আর এই পরিবর্তিত তালিকা অনুমোদন করছে না৷ এতে প্রণোদনা বিতরণও সম্ভব হচ্ছে না৷

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী সূত্রে জানা গেছে, আউশ প্রণোদনার জন্য গত ৪ মার্চ জেলা প্রশাসকের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় উফশী ধানের জন্য জেলার ১০ হাজার ৮৮০ এবং নেরিকা ধানের জন্য ৯৫০ জন কৃষককে এই প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য নগদ ৩৮ লাখ ৩৪ হাজার টাকা এবং বিভিন্ন ধরনের ৪৭২ দশমিক ৭ মেট্রিক টন সার বরাদ্দ করা হয়। এই বরাদ্দ ৩০ এপ্রিলের মধ্যে বিতরণ শেষ করার কথা ছিল। জেলার নয়টি উপজেলার মধ্যে সাতটিতে সেই বরাদ্দ বিতরণ সম্পন্ন হলেও তানোর ও গোদাগাড়ীতে বিতরণ বন্ধ রয়েছে৷
খোঁজ নিয়ে জানা গেছে, গোদাগাড়ীতে নয়টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় উফশী ধানের জন্য তিন হাজার ১২০ ও নেরিকা ধানের জন্য ২৭০ জন এবং তানোরে সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা এলাকায় উফশী ধানের জন্য এক হাজার ৩৫০ জন ও নেরিকা ধানের জন্য ১২০ জন কৃষকের মধ্যে এই প্রণোদনা বিতরণ করার কথা। প্রত্যেক কৃষক নেরিকার জন্য নগদ ৬০০ টাকা, উফশীর জন্য ৩০০ টাকা এবং ২০ কেজি করে ইউরিয়া ও ১০ কেজি করে ডিএিপ ও এমওপি সার পাবেন। সুষ্ঠুভাবে প্রান্তিক চাষিদের মধ্যে বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তাকে সদস্যসচিব করে একটি কমিটি এবং প্রতিটি ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যানকে সভাপতি ও উপসহকারী কৃষি কর্মকর্তাকে সদস্যসচিব করে অপর একটি কমিটি রয়েছে। এই কমিটিতে স্থানীয় সাংসদ মনোনীত চার সদস্যও রয়েছেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে ইউনিয়ন কমিটিগুলো মনোনীত কৃষদের তালিকা অনুমোদন করেছে। এতে সাংসদের মনোনীত সদস্যরাও স্বাক্ষর করেছেন। তারপর তাদের অনুমোদিত তালিকা তারা উপজেলা কমিটির কাছে পাঠিয়েছে। এই তালিকা উপজেলা কমিটিতে অনুমোদনের আগেই আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা উপজেলা কৃষি কার্যালয় থেকে ওই তালিকার ফটোকপি সংগ্রহ করেন। তাঁরা তালিকা কাটছাঁট করে তাঁদের নিজেদের পছন্দের লোকজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন৷
জানা গেছে, এই তালিকা ইউপি চেয়ারম্যানরা অস্বীকার করেছেন। কৃষি কমিটি অনুমোদিত তালিকা ঠিক না রাখলে তাঁরা মানবেন না বলে জানিয়ে দিয়েছেন। এ নিয়ে দুই উপজেলায় প্রণোদনা বিতরণে অচলাবস্থা দেখা দিয়েছে।
গোদাগাড়ী উপজেলার প্রসাদপুর গ্রামের কৃষক কুতুবুদ্দিন বলেন, আবাদের সময় শেষ হয়ে যাচ্ছে। এখনো তাঁরা সরকারের প্রণোদনা পাননি। অসময়ে এই টাকা আর সার নিয়ে তাঁদের কোনো কাজে আসবে না। সরকারের এই ভালো উদ্যোগটারও কোনো মূল্যায়ন হবে না।
গোদাগাড়ীর ইউএনও খালিদ হোসেনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে উপজেলা কমিটির সদস্যসচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, সাংসদ দেশের বাইরে আছেন। তিনি এলেই সব ঠিক হয়ে যাবে।
গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম অবশ্য বলেছেন, উপজেলার বেশির ভাগ ইউপির চেয়ারম্যান বিএনপির। তাঁরা আওয়ামী লীগ-সমর্থক কৃষকদের বাদ দিয়ে বেশির ভাগ তাঁদের দলের লোকের নাম তালিকায় দিয়েছেন। তাই স্থানীয় সাংসদ তালিকায় কৃষকের সমতা আনার জন্য আরেকটি তালিকা দেওয়ার জন্য নেতাদের বলেছেন। সেটা দেওয়া হয়েছে।