আউশে প্রণোদনা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের আউশ মৌসুমে কৃষকের জন্য সরকারি প্রণোদনা কমছে। এবার প্রণোদনার টাকার পরিমাণ এবং সুবিধাভোগী কৃষকের সংখ্যা দুটিই কমানো হয়েছে। তবে প্রণোদনার সার ও বীজ কৃষকের কাছে দুই মাস আগেই পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।
আউশ চাষ শুরু হবে এপ্রিল-মে মাসে এবং ধান কাটা হবে জুলাইয়ে। কৃষকদের কাছে প্রণোদনা পৌঁছানো হবে চলতি (মার্চ) মাসের শেষ সপ্তাহে। এবার ৪৪ জেলার দুই লাখ ৪৪ হাজার ৬০০ কৃষককে এই প্রণোদনা দেওয়া হবে। গত বছর দেওয়া হয়েছিল ৪৭ জেলার তিন লাখ ৩২ হাজার ৫০০ জনকে। অর্থাৎ এ বছর কমেছে ৮৭ হাজার ৯০০ জন। ২০১২ সালে দেওয়া হয় ৩০ জেলার ৩৭ হাজার ৫০০ জনকে।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর আউশে কৃষকের প্রণোদনা বাবদ ৩০ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০১৩ সালে এ বাবদ দেওয়া হয়েছিল ৪৩ কোটি নয় লাখ টাকা। অর্থাৎ টাকার পরিমাণ কমেছে প্রায় ১৩ কোটি। এ বছর প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য ১০ কেজি নেরিকা ধানের বীজ ও পাঁচ কেজি করে উচ্চফলনশীল (উফশী) বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও সেচ খরচ বাবদ ৩০০ টাকা দেওয়া হবে। এ ছাড়া নেরিকা জাতের ক্ষেত্রে আগাছা পরিষ্কার বাবদ ৩০০ টাকা দেওয়া হবে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, আউশচাষিদের আগ্রহ বাড়াতে এবার আগেভাগেই প্রণোদনা পৌঁছানো হবে। প্রস্তাবিত এ সহায়তা প্যাকেজ বাস্তবায়িত হলে প্রায় ৮৪ হাজার মেট্রিক টন অতিরিক্ত চাল উৎপাদিত হবে, যার আনুমানিক মূল্য আট কোটি ৪০ লাখ টাকা।
মন্ত্রণালয় থেকে জানানো হয়, মূলত উঁচু জমির কৃষকদের জন্য মোট ১০০ টন নেরিকা জাতের ও বাকি কৃষকদের জন্য এক হাজার ৫০০ টন উফশী বীজ দেওয়া হবে। নেরিকা জাতের বিশেষত্ব জানাতে গিয়ে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই জাতের জন্য সেচের তেমন প্রয়োজন হয় না। বৃষ্টিনির্ভর উঁচু জমি এই ধান চাষের উপযোগী এবং ৯০ থেকে ১০০ দিনের মধ্যে ফসল পাওয়া যায়।