আউশের আবাদ বেড়েছে, শূন্যের কোটায় হাইব্রিড
ভোলায় আউশের আবাদ বেড়েছে। বাড়ছে দেশি উফশী ও স্থানীয় আউশ জাতের চাষ। প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে হাইব্রিড চাষ। বিনা মূল্যে সার, ধানের দাম বৃদ্ধি, ভালো ফলন ও দেশীয় উচ্চফলনশীল জাত উদ্ভাবিত হওয়ায় ভোলার কৃষকেরা কষ্ট করে, যত্ন নিয়ে আউশের আবাদ করছেন।ভোলা সদর উপজেলার রাজাপুর দক্ষিণ এলাকার কৃষক রুহুল আমিন মিজি (৬৫) জানান, তিনি এবার বোরো আবাদ করেছেন ৮০ শতাংশ জমিতে। ধান পেয়েছেন ৬০ মণ। সেই জমিতেই আবার আউশ করেছেন। এতে সার কম লাগছে; সরকারও সার দিচ্ছে বিনা পয়সায়। তিনি আরও জানান, বর্তমানে সারের দাম বেশি। কিন্তু গত বছর আউশের ফলন ভালো হওয়ায় তিনি এবারও কষ্ট করে আউশ আবাদ করেছেন। সরকারের উচিত মৌসুমের শুরুতে সার বিতরণ করা।ওই এলাকার কালু মিজি, মাহমুদ মিজিও একই কথা বললেন। জমি বসিয়ে রাখলে উপকার নেই, আবাদ করলেই লাভ। সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের শাজাহান বাজার এলাকার কৃষক সফিকুর রহমান জানান, তাঁরা একসময় অযত্ন-অবহেলায় আউশের আবাদ করতেন। এখন সঠিক পদ্ধতিতে চাষাবাদ করেন বেশি ফলন পাওয়ার আশায়। এ জন্য সরকারের বিনা মূল্যের সার অনেক উপকারে আসছে।খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগ ক্ষেত্রে কৃষকেরা দেশে উদ্ভাবিত বিআর-১৪, বিআর-২৭, বিআর-৪২, বিআর-৪৩ ও ভজন আউশ জাতের উচ্চফলনশীল ধানের চাষ করেছেন। এ ছাড়া স্থানীয় জাতের আউশও চাষ করেছেন। তবে অতীতে হাইব্রিড চাষ করলেও এবার হাইব্রিড চাষ করেননি বললেই চলে। ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, আউশের আবাদ বাড়ানোর জন্য গত বছর থেকে সরকার বিনা মূল্যে সার বিতরণ শুরু করেছে। এ বছর ভোলায় ১৪ হাজার ৫১৭ জন আউশচাষিকে ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি করে টিএসপি, ১০ কেজি করে এমওপি সার দেওয়া হচ্ছে। ২৭ জুন থেকে সার বিতরণ শুরু হয়েছে। ভোলা সদর উপজেলার চার হাজার ৩৩৫ জন, দৌলতখান উপজেলার এক হাজার ১২৫ জন, বোরহানউদ্দিনের তিন হাজার ৪৫০ জন, তজুমদ্দিনের ৭৮০ জন, মনপুরার ৭৮২ জন ও চরফ্যাশনের দুই হাজার ৬৯০ জন আউশচাষি এ সুবিধা পাচ্ছেন।কৃষি কার্যালয় সূত্র আরও জানায়, ২০০৯ সালে আউশের আবাদ হয় ৫৯ হাজার ৭৫০ হেক্টরে। এর মধ্যে উফশী (দেশে উদ্ভাবিত) ছিল ২৩ হাজার ৬০০ হেক্টর। দেশি স্থানীয় জাতের আউশ আবাদ হয়েছে ৪৫ হাজার ৮০০ হেক্টরে এবং হাইব্রিড ছিল ৩৫০ হেক্টর। ২০১০ সালে আউশের আবাদ হয়েছে ৬৯ হাজার ২৮০ হেক্টরে। এর মধ্যে উফশী ছিল ২৩ হাজার ২৭৫ হেক্টর এবং হাইব্রিড ছিল ১৮৭ হেক্টর। চলতি বছর আউশের আবাদ হয়েছে ৭৬ হাজার ২৫০ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী হয়েছে ২৭ হাজার ১৮৫ হেক্টরে এবং দেশি স্থানীয় জাতের আবাদ হয়েছে প্রায় ৪৯ হাজার ৬৫ হেক্টর জমিতে। আর হাইব্রিডের চাষ হয়েছে মাত্র এক হেক্টরে। এতে দেখা যাচ্ছে, দেশি উফশী ও স্থানীয় জাতের আউশের আবাদ বেড়েছে এবং হাইব্রিড চাষ প্রায় শূন্যের কোটায় ঠেকেছে।ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মো. সাইফ উল্লাহ প্রথম আলোকে বলেন, একসময় আউশের আবাদ কম হতো। আর যা হতো, তা শীতকালীন ফসলের মধ্যে আউশের বীজ ছিটিয়ে দিতেন কৃষকেরা। মুগ-মসুর উঠে গেলে খেতে থাকা আউশ বড় হতো। কৃষকেরা অবহেলায় আউশ আবাদ করতেন। এখন ধানের দাম বেড়েছে। কৃষক চাষাবাদ করে লাভবান হচ্ছেন। এ জন্য কৃষকেরা যত্ন নিয়ে, খরচ করে আউশ আবাদ করছেন। তিনি আরও বলেন, তিন-চার বছর আগে কৃষকেরা হাইব্রিডের দিকে ঝুঁকেছিলেন। কিন্তু ঝড়-ঝঞ্ঝায় হাইব্রিড খেত থেকে ঘরে তোলা সম্ভব হয়নি। এ জন্য তাঁরা হাইব্রিড থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।