‘রোয়ানু বইন্নার সোময় বীজতলা-খেত-খামার আউশের সব চারা পইচ্চা গেল। আবার ধার-কর্জ আর মানসের কাছ দিয়া বীজ আইন্না জমি রুইছালাম (আবাদ)। এহন চাইরদিন ধইর্যা জোয়ারের পানিতে আবার সব চারায় পচন ধরছে। খেতের দিক চাইতে পারি না। কান্দন আয়। ক্যা যে মোগো কপালডা আল্লায় এই রহম পুইড়্যা দেলে কইতে পারি না।’ বরগুনা সদর উপজেলার ছোট বালিয়াতলী গ্রামের কৃষক সেন্টু হাওলাদার গতকাল সোমবার দুপুরে এসব কথা বললেন। তিনি বলেন, ‘এহন যে অবস্থা, হ্যাতে এইবার আউশের কোনো আশা নাই। ধার-দেনাগুলা কী দিয়া দিমু, আর বউ-বাচ্চা লইয়্যা ক্যামনে বাঁচমু—এহন খালি হেই চিন্তায় ঘুমাইতে পারি না।’
বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রোয়ানু ও প্রবল বর্ষণে ফলে দীর্ঘ জলাবদ্ধতার ধকল কাটতে না-কাটতেই দক্ষিণ উপকূলের জেলা বরগুনার নদ-নদীতে অধিক উচ্চ জোয়ারের ফলে শতভাগ আউশ খেতে দেখা দিয়েছে আবার জলাবদ্ধতা। এতে আবাদ করা আউশ খেতের চারা ও বীজতলায় আবারও পচন ধরেছে। ফলে এবার আউশের আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রায় মারাত্মক ধস নামার আশঙ্কা করছেন কৃষকেরা।
কৃষকেরা বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর তিন দিন আগে থেকেই বরগুনাসহ উপকূলে প্রবল বর্ষণ শুরু হয়। ঘূর্ণিঝড়ের পর পাঁচ দিন তা অব্যাহত থাকে। ওই সময় সব মিলিয়ে ১১ দিন ধরে আউশের খেত ও বীজতলা জলাবদ্ধ থাকায় আউশের বীজতলা এবং আবাদ করা খেতের প্রায় ৭০ ভাগ পচে যায়। পানি কমে আসার পর কৃষকেরা পুনরায় চারা সংগ্রহ করে আউশ রোপণ শুরু করেন। এর মধ্যেই অমাবস্যার প্রভাবে গত শুক্রবার থেকে জেলার নদ-নদীতে অধিক উচ্চতার জোয়ার শুরু হয়। এতে রোয়ানুতে ভাঙা ও ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে পানি ঢুকে আউশ খেতগুলো পুনরায় জলাবদ্ধতার কবলে পড়ে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র থেকে জানা যায়, চলতি আউশ মৌসুমে এবার বরগুনা জেলায় ৪৪ হাজার ৬৬৪ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড় রোয়ানুতে ২ হাজার ৮৯৫ হেক্টর আউশ বীজতলার মধ্যে ২ হাজার ৫৯৯ হেক্টর সম্পূর্ণভাবে পানিতে ডুবে ক্ষতি হয়। আর রোপণ করা ৫ হাজার ৬৫৭ হেক্টর জমির আউশ খেত জলাবদ্ধ অবস্থায় থাকায় সেসব খেতেরও ব্যাপক ক্ষতি হয়। এ ছাড়া ২ হাজার ২১৮ হেক্টর জমির সবজি ও অন্যান্য ফসলের সম্পূর্ণ ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ঘূর্ণিঝড় রোয়ানুতে জেলায় কৃষি খাতে ৬৬ কোটি ৩২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন। জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১২ হাজার ৮১৩; যা বরিশালের ছয় জেলার মধ্যে সবচেয়ে বেশি।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্র থেকে জানা যায়, রোয়ানুতে বরগুনার ১৮টি স্থানে ৯৬০ মিটার বাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২৮ কিলোমিটার বাঁধ। এসব বাঁধ দিয়ে প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকছে। সেই সঙ্গে যোগ হয়েছে প্রবল বর্ষণ।
গতকাল সোমবার বরগুনা সদরের বুড়িরচর, গৌরিচন্না, নলটোনা, বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার মাঠ-ঘাট এমনকি ঘরদোর পানিতে নিমজ্জিত হয়ে আছে। সদরের পাজরাভাঙা গ্রামের কৃষক সুমন শরীফ বলেন, চার একর জমিতে তিনি প্রায় ৭০ হাজার টাকা ব্যয় করে আউশ আবাদ করেছিলেন। চার দিনের জলাবদ্ধতায় গতকাল থেকে খেতে রোপণ করা চারায় পচন ধরেছে। এখন কী দিয়ে কী করবেন বুঝতে পারছেন না। আর দু-চার দিনে পানি কমারও কোনো লক্ষণ দেখছেন না বলে জানান তিনি। এই অবস্থায় আউশ নিয়ে এবার তিনি কোনো আশার আলো দেখছেন না।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক শাখার সূত্র থেকে জানা যায়, গতকাল সোমবার জেলার নদ-নদীতে জোয়ারের উচ্চতা আগের দিনের চেয়ে আরও বেড়েছে। গতকাল এই উচ্চতা ছিল ৩ দশমিক ১০, যা বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপরে। রোববার এই উচ্চতা ছিল বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে। পরিমাপক শাখার একজন কর্মকর্তা বলেন, জোয়ারের এই উচ্চতা আরও দুদিন অব্যাহত থাকতে পারে।
বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইনুর আজম খান গতকাল দুপুরে বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড়ে বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে কৃষিক্ষেত্রে সবচেয়ে ক্ষতি হয়েছে বরগুনায়। এরপর জোয়ারের কারণে অনেক এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত তেমন ক্ষতি হয়নি। এই অবস্থা যদি আরও দুদিন স্থায়ী হয়, তবে আউশের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।