আউয়াল-আনিসুলের ঋণ বেশি, সম্পদ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ-সমর্থিত আনিসুল হক ও বিএনপি-সমর্থিত আবদুল আউয়াল মিন্টুর সম্পদের চেয়ে ঋণের পরিমাণ বেশি। আবদুল আউয়াল ১৪টি এবং আনিসুল হক ২২টি ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের মালিক।
নির্বাচন কমিশনে (ইসি) প্রার্থীদের দেওয়া হলফনামা যাচাই করে এ তথ্য পাওয়া গেছে। হলফনামায় দেখা গেছে, আবদুল আউয়ালের বার্ষিক আয় পাঁচ কোটি টাকার বেশি। স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৬০ কোটি টাকার মতো। তবে তাঁর নিজস্ব ও যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে প্রায় ২২০ কোটি টাকার ঋণ রয়েছে। অন্যদিকে, আনিসুল হকের বার্ষিক আয় প্রায় ৭৫ লাখ টাকা। স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৭ কোটি টাকার মতো। বিভিন্ন ব্যাংকে তাঁর ঋণের পরিমাণ প্রায় ১৬০ কোটি টাকা। তবে তাঁর নামে কোনো গাড়ি নেই।
১৩ মামলার আসামি আবদুল আউয়াল: আবদুল আউয়ালের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন আদালতে ১৩টি মামলা আছে। ২০১৩ সালে বিএনপির নেতৃত্বাধীন জোটের সরকার পতন ও নির্বাচন প্রতিহতের আন্দোলনের সময় এসব মামলা হয়। মামলাগুলোর মধ্যে সাতটি বিস্ফোরক আইনে এবং বাকিগুলো গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি জামিনে আছেন। আটটি মামলার কাজ আদলতে বিচারাধীন।
এ ছাড়া বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় আবদুল আউয়ালের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা হয়েছিল। এর একটি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। অন্যটির কাজ উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। ২০০২ সালে বিএনপি সরকারের সময়েও তাঁর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা হয়। এই মামলা থেকেও তিনি অব্যাহতি পেয়েছেন।
আবদুল আউয়ালের বীজ, বিমা ও পশুপালনের ব্যবসা রয়েছে। তাঁর বাৎসরিক আয় ৫ কোটি ১৮ লাখ টাকার মতো। এই টাকা তিনি কৃষি খাত, ব্যবসা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় করেন। বর্তমানে তাঁর কাছে নগদ সাড়ে আট লাখ এবং ব্যাংকে ৬৯ লাখ টাকা আছে। বিভিন্ন কোম্পানিতে তাঁর শেয়ারের পরিমাণ ৪০ কোটি টাকার মতো। এ ছাড়া আরও প্রায় ১৩ কোটি টাকার বিনিয়োগ রয়েছে তাঁর। তাঁর স্ত্রীর কাছে নগদ ও ব্যাংকে জমার পরিমাণ প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা। আরও প্রায় সাড়ে সাত কোটি টাকা বিনিয়োগ করা আছে।
আবদুল আউয়ালের নামে ২০ একর কৃষি ও ৬০ একর অকৃষি জমি রয়েছে। এ ছাড়া নিজ নামে আরও আছে প্রায় সাড়ে চার কোটি টাকার সম্পদ। যৌথ মালিকানায় ৬২ লাখ টাকা মূল্যের বাড়ি ও তাঁর স্ত্রীর নামে ৮১ লাখ টাকার সম্পদ আছে। মিন্টুর দেনার পরিমাণ প্রায় ৫ কোটি ১০ লাখ টাকা।
হলফনামায় আবদুল আউয়াল বলেছেন, এককভাবে তিনি ব্যাংক এশিয়া থেকে ১ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়েছেন। এ ছাড়া যৌথ মালিকানার অংশ হিসেবে তিনি বিভিন্ন ব্যাংক থেকে ২১৮ কোটি টাকার ঋণ রয়েছে। এর মধ্যে পাঁচ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করেছেন।
আবদুল আউয়ালের কৃষি অর্থনীতি ও পরিবহন ব্যবস্থাপনা বিষয়ে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। আবদুল আউয়ালের বক্তব্য পেতে তাঁর ছেলে তাবিথ আউয়ালকে ফোন দিলে তিনি বলেন, এই মুহূর্তে তাঁকে পাওয়া সম্ভব নয়।
গাড়ি নেই আনিসুল হকের: আনিসুল হক স্নাতকোত্তর ডিগ্রিধারী। তাঁর বিরুদ্ধে অতীতে কোনো ফৌজদারি মামলা ছিল না, বর্তমানেও নেই। ভাড়া, ব্যবসা, শেয়ার, ব্যাংকে স্থায়ী আমানতের মুনাফা থেকে তাঁর বাৎসরিক আয় প্রায় ৭৫ লাখ টাকা। অবশ্য তাঁর স্ত্রীর বাৎসরিক আয় প্রায় ৮৫ লাখ টাকা। আর তিন ছেলেমেয়ের আয় প্রায় ৫১ লাখ টাকা।
আনিসুল হকের অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা আছে প্রায় দুই কোটি। ব্যাংকে জমা ৬ লাখ ৫৮ হাজার টাকা। এ ছাড়া পুঁজিবাজারে ধারণ করা বিভিন্ন কোম্পানির শেয়ার, বন্ড ও স্থায়ী আমানতের আর্থিক মূল্য প্রায় ২১ কোটি টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদের আর্থিক মূল্য প্রায় ছয় কোটি টাকা। এক ছেলে ও দুই মেয়ের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা। আনিসুল হকের নিজস্ব কোনো যানবাহন বা গাড়ি নেই।
স্থাবর সম্পদের মধ্যে আনিসুল হকের অকৃষি জমির দাম ৩ কোটি ৫৭ লাখ টাকা। তাঁর স্ত্রী-সন্তানের নামেও জমি আছে। তাঁর দায়ের পরিমাণ ৫ কোটি ২৯ লাখ এবং বিভিন্ন ব্যাংকে ঋণের পরিমাণ প্রায় ১৬০ কোটি টাকা।
জানতে চাইলে আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার ২২টি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানের নামে বেশ কিছু গাড়ি আছে। সেগুলোই আমি ব্যবহার করি। হলফনামায় মনে হতে পারে, আমার সম্পদের চেয়ে ঋণ বেশি। আসলে আমরা মুনাফার টাকা পুনরায় ব্যবসায় বিনিয়োগ করি। সে জন্যই সম্পদের চেয়ে ঋণের পরিমাণ বেশি দেখা গেছে।’
সারাহ বেগম কবরী: সাবেক সাংসদ সারাহ বেগম কবরীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। পেশা চলচ্চিত্রে অভিনয় ও পরিচালনা। তাঁর বাৎসরিক আয় প্রায় ২০ লাখ টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। তাঁর একটি টয়োটা প্রাডো গাড়ি রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে আছে গুলশানে একটি ছয়তলা বাড়ি।
ববি হাজ্জাজ: ববি হাজ্জাজ এমবিএ ডিগ্রিধারী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা তাঁর পেশা। তাঁর বাৎসরিক আয় ৬ লাখ ২৭ হাজার টাকা। এর মধ্যে শিক্ষকতা থেকে আসে চার লাখ ১৪ হাজার টাকা। তিনি ও তাঁর স্ত্রীর কাছে নগদ আছে এক লাখ পাঁচ হাজার টাকা। ববির কাছে ছয় হাজার ডলার আছে। তাঁর নিজের কোনো বাড়ি নেই। তবে স্ত্রীর নামে একটি ফ্ল্যাট আছে।
আবদুল্লাহ আল ক্বাফী: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-সমর্থিত আবদুল্লাহ আল ক্বাফী স্নাতকোত্তর ডিগ্রিধারী। পেশায় তিনি একজন সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী। শেয়ার ও ভাড়া থেকে বছরে আয় করেন প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা। আর তাঁর ওপর নির্ভরশীলদের আয় ১০ লাখ ৩০ হাজার টাকা। নগদ ও ব্যাংকে জমা, শেয়ারে বিনিয়োগ, জীবনবীমা, গাড়ি, আসবাবপত্র, অলংকার বাবদ তার অস্থাবর সম্পদের মূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। আর স্ত্রীর নামে আছে আরও প্রায় ৮০ লাখ টাকার অস্থাবর সম্পদ।
মাহী বি. চৌধুরী: মাহী বি চৌধুরী স্নাতক ডিগ্রিধারী। তিনি কে সি মেমোরিয়াল ক্লিনিক ও এন্টারটেইনমেন্ট রিপাবলিকের পরিচালক। তাঁর বাৎসরিক আয় ৯ লাখ ৭০ হাজার টাকা। তাঁর একটি নিশান জিপ আছে। সাভারে ৩২ লাখ টাকা মূল্যের জমি আছে। মার্কেন্টাইল ব্যাংক থেকে তিনি প্রায় ২৯ লাখ টাকা ঋণ নিয়েছেন এবং তা পুনঃতফসিল করেছেন।
জোনায়েদ সাকি: গণসংহতির নেতা জোনায়েদ আবদুর রহিম সাকির শিক্ষাগত যোগ্যতা স্নাতক। পেশা প্রকাশনা ও জামা-কাপড়ের ব্যবসা। ব্যবসা থেকে বার্ষিক আয় ১০ লাখ ৮৯ হাজার টাকা। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির দাম প্রায় ৪২ লাখ টাকা। একই খাতে স্ত্রীর সম্পদের পরিমাণ ৩০ লাখ টাকার মতো।