ভ্রাম্যমাণ আদালতের আওতা বাড়িয়ে আরও কিছু অপরাধের শাস্তি দেওয়ার ক্ষমতা পাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তবে তাঁরা সংক্ষিপ্ত বিচারিক ক্ষমতা পাচ্ছেন না।
এ রকম কিছু সিদ্ধান্ত নিয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হলো তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। এই সম্মেলনে জেলা প্রশাসকেরা বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কে ৩০৭টি সমস্যা চিহ্নিত করে সুপারিশ দিয়েছিলেন। এর মধ্যে কিছু বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত হয়েছে। বাকিগুলো নিয়ে পরে আলোচনা-পর্যালোচনা হবে। আর ডিসিদের হাতে পত্রিকার নিবন্ধন বাতিলসহ অনেক প্রস্তাব আলোচনাই হয়নি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরখাস্তের ক্ষমতা বিভাগীয় কমিশনার বা স্থানীয় সরকার পরিচালকের হাতে দেওয়ার প্রস্তাবও নাকচ হয়েছে।
২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা রদ করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দিষ্ট কিছু বিষয়ে নির্দিষ্ট সময়ের (সর্বোচ্চ দুই বছর) জন্য শাস্তির ক্ষমতা দেওয়া হয়। তবে অপরাধী দোষ স্বীকার না করলে এই শাস্তি দেওয়া যায় না। এ জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালতের আওতা বাড়ানো এবং সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা চাওয়া হচ্ছে। এবার ডিসিদের লিখিত প্রস্তাবে চুরি, প্রতারণা, ক্ষয়ক্ষতি নিবারণ ও অনধিকার প্রবেশ রোধে দণ্ডবিধির আরও ২৯টি ধারা ভ্রাম্যমাণ আদালত আইনে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়।
গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত আইন মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় এ বিষয়টি উঠে আসে। পরে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, নতুন কিছু অপরাধ অন্তর্ভুক্ত করে ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হবে। মাদক, জুয়াসংশ্লিষ্ট বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘কিছু বাস্তবতা রয়েছে। সেগুলোর দিকে বিশেষভাবে লক্ষ করার প্রয়োজন আছে। এ জন্য আইনে কিছু পরিবর্তন করে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতায়নের প্রয়োজন হলে সেটা করার জন্য আমরা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেব।’
নদীর জায়গা বরাদ্দ না দেওয়ার নির্দেশ: নৌপরিবহন ও পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় নদীদূষণ ও দখলমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়। নদীর জায়গা যেন কোনোভাবেই বরাদ্দ না দেওয়া হয়, সে জন্যও তাঁদের বলা হয়েছে।
কর্মজীবী বাবাদের ১৫ দিনের ছুটির প্রস্তাব পরীক্ষাধীন: জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় মা ও শিশুর পরিচর্যার জন্য কর্মজীবী বাবাদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির জন্য লিখিত প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে বৈঠক শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, প্রস্তাবটি পরীক্ষাধীন আছে। বিভাগীয় কমিশনারদের পদটি গ্রেড-১ করার বিষয়টিও পরীক্ষাধীন আছে।
একটি কয়লাখনি হবে উন্মুক্ত: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, পাঁচটি কয়লাখনির মধ্যে বড়পুকুরিয়ার উত্তর দিকের একটিকে উন্মুক্ত খনি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মেলনের শেষ দিনে সংস্কৃতি, যুব ও ক্রীড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, সমাজকল্যাণ, ধর্ম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, মুক্তিযুদ্ধবিষয়ক, গৃহায়ণ ও গণপূর্ত, পরিকল্পনা ও মন্ত্রিপরিষদ বিভাগ-সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা হয়। সম্মেলন শেষে সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ডিসি সম্মেলন ফলপ্রসূ হয়েছে।