আওতামুক্ত বলেও সংবাদপত্রের গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্র পরিবহনের কাজে নিয়োজিত গাড়ি হরতালের আওতামুক্ত ঘোষণা দিলেও দেশের কয়েকটি স্থানে গতকাল মঙ্গলবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংবাদপত্রের গাড়িতে হামলার প্রেক্ষাপটে ইতিপূর্বে বিরোধী দলের পক্ষ থেকে হরতাল-সমর্থকদের প্রতি এসব গাড়ি পিকেটিংয়ের বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়।প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: ঢাকা: গত সোমবার দিবাগত রাতে রাজধানীর পল্টন মোড়ে সংবাদপত্র বহনকারী একটি বাসে (ঢাকা মেট্রো জ ১১-০৯৬৬) আগুন দেয় হরতাল-সমর্থকেরা। রংপুর: প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর বন্দর এলাকায় সকাল আটটার দিকে শিবিরের কর্মীরা প্রথম আলো পত্রিকাবাহী একটি মাইক্রোবাসের সামনের ও পেছনের কাচ ভেঙে ফেলেন এবং পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালান। এ সময় পুলিশ এলে তাঁরা পালিয়ে যান।মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির গোলাম রব্বানী বলেন, হরতালে কর্মী-সর্মথকেরা উত্তেজনাবশত এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল বলেন, হরতাল-সমর্থকেরা মাইক্রোবাসটিতে ভাঙচুর চালিয়ে তাতে অগ্নিসংযোগের চেষ্টা চালায়।এ ছাড়া পাবনায় প্রথম আলো এবং বাগেরহাট ও সাতক্ষীরায় নয়া দিগন্ত ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পরিবহনের কাজে নিয়োজিত গাড়িতে হামলা ও ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা।